২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মানিত হচ্ছেন আমির ও ক্যাথরিন

সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান ‘সত্যমেভ জয়তু’-এর জন্য আমেরিকা অ্যাবরোড মিডিয়া (এএএম) কর্তৃক সম্মানিত করা হবে বলিউডি অভিনেতা আমির খানকে। ২৮ অক্টোবর ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য এই বিশেষ পুরস্কার বিতরণীতে আমিরের সঙ্গে আরও সম্মানিত হবেন ‘জিরো ডার্ক থার্টি’-খ্যাত হলিউডি পরিচালক ক্যাথরিন বিগেলো এবং মানবাধিকার সংগঠন ‘ইন্টারন্যাশনাল সেন্টার অন ননভায়োলেন্ট কনফ্লিকট’।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2013, 04:55 PM

Updated : 25 Apr 2022, 07:17 PM

সম্প্রতি আমেরিকা অ্যাবরোড মিডিয়া (এএএম) কর্তৃপক্ষ একটি বিবৃতিতে বলে, “তারা নিজেদের কাজের মাধ্যমে প্রমাণ করেছেন মিডিয়ার মাধ্যমে মানুষকে তথ্য জানানোর পাশাপাশি সাধারণ নাগরিকদের শিক্ষাদানের মাধ্যমে বর্তমান সময়ের বিভিন্ন জটিল সামাজিক এবং রাজনৈতিক সমস্যার সমাধান করা যায়।”

আমিরের অনুষ্ঠান ‘সত্যমেভ জয়তু’ সম্পর্কে বিবৃতিতে বলা হয়, এই অনুষ্ঠানে ভারতের সবচেয়ে বড় সামাজিক সমস্যাগুলো উঠে এসেছে। আর ভারতের বাইরে এশিয়াজুড়ে অনেক মানুষ অনুষ্ঠানটি দেখেছেন।

সম্প্রতি প্রকাশিত টাইম ম্যাগাজিনের সেরা ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় এসেছে আমিরের নাম।

এদিকে ২০১০ সালে হলিউডের ইতিহাসে প্রথম নারী পরিচালক হিসেবে অস্কার জিতেছিলেন নির্মাতা ক্যাথরিন বিগেলো। ‘দ্য হার্ট লকার’ এবং ‘জিরো ডার্ক থার্টি’-এর মতো সিনেমা নির্মাণ করে তিনি সবসময়ই চেষ্টা করেছেন যুদ্ধ এবং আত্মঘাতী সন্ত্রাসবাদের কুফল তুলে ধরতে।

পিটার একারম্যান কর্তৃক প্রতিষ্ঠিত অলাভজনক সংস্থা ‘ইন্টারন্যাশনাল সেন্টার অন ননভায়োলেন্ট কনফ্লিকট’ তাদের অহিংস আন্দোলনের উপর নির্মিত ডকুমেন্টারির জন্য এখন পর্যন্ত বেশ কয়েকটি পুরস্কার জিতেছে।

২০১৩ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে এই প্রতিষ্ঠান। চলতি বছরের শেষে আরব বসন্ত এবং মিশরে গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন একটি ডকুমেন্টারি প্রকাশ করবে তারা।