মিথ্যার ফাঁদে সুমাইয়া শিমু ও অপূর্ব
‘তৃষ্ণার তারপুরাটা’ শিরোনামের একটি নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন অপূর্ব ও সুমাইয়া শিমু। নাটকটি লিখেছেন প্রসূন রহমান এবং পরিচালনা করেছেন সানি চৌধুরী।
এ বিষয়ে সুমাইয়া শিমু বলেন, “আমরা ‘তৃষ্ণার তানপুরাটা’ নামের একটি নাটকে কাজ করেছি। এতে আমি নিজের সম্পর্কে বলতে গিয়ে অপূর্বর কাছে তথ্য গোপন করি। সেও আমার কাছে নিজেকে নিয়ে মিথ্যা বলে। এই মিথ্যার ফাঁদে আমরা আটকে যাই এক সময়। আসলে এক মিথ্যা থেকেই অসংখ্য মিথ্যার জন্ম।”
এ বিষয়ে প্রসূন জানান, এক দাওয়াতে গিয়ে দেখা হয় সুমাইয়া শিমু ও অপূর্বর। তারা এক সময় আবিষ্কার করেন দুজন একই ধ্যানধারণার। আলাপচারিতায় তাদের ঘনিষ্টতা বাড়ে। বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলেন। তবে তারা ব্যক্তিগত প্রসঙ্গ নিয়ে কথা বলতে গিয়ে নিজেদের আড়াল করেন। দুজনকে নিয়ে দুজনই মিথ্যা বলেন । ফলে তৈরি হয় জটিলতা। দেখা যায়, যখন নিজের মুখোমুখি হন, তখন দুজনই আবিষ্কার করেন বড় ভুল করে ফেলেছেন তারা। এ ধরনের একটি গল্প নিয়ে তৈরি হয়েছে একঘণ্টার নাটক ‘তৃষ্ণার তানপুরাটা’।
নির্মাতা সুত্রে জানা গেছে নাটকটিতে রাশেদ চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও রূপা চরিত্রে দেখা যাবে সুমাইয়া শিমুকে। আরও অভিনয় করেছেন শিশির আহমেদ, শারমিন ফাহমি প্রমুখ।
নাটকটি ২১ সেপ্টেম্বর রাত নয়টায় প্রচারিত হবে হবে এনটিভিতে।
