মার্সোর প্রয়াণদিবসে জাদুর প্রদীপ
‘মাস্টার অব মাইম’ মার্সেল মার্সোর ৬ষ্ঠ প্রয়াণদিবসে মূকাভিনয়ভিত্তিক নাট্যদল স্বপ্নদল প্রযোজিত মাইমোড্রামা ‘জাদুর প্রদীপ’-এর বিশেষ প্রদর্শনী হবে ২২ সেপ্টেম্বর। প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে।
এ বিষয়ে দলটির প্রধান সম্পাদক জাহিদ রিপন বলেন, “বাংলার নিজস্ব মূকাভিনয়-আঙ্গিক ‘বাঙলা মূকাভিনয়রীতি’ নির্মাণের ব্যবহারিক গবেষণা এ প্রযোজনার অন্যতম উদ্দেশ্য ছিল।”
তিনি জানান, প্রদর্শনীর আগে মার্সেল মার্সোর জীবন ও শিল্পকর্ম সম্পর্কিত তথ্যবলী উপস্থাপন করা হবে।
আরব্য রজনীর কাহিনি ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ অবলম্বনে নির্মিত জাদুর প্রদীপের কাহিনি পুনর্বিন্যাস ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
মাইমোড্রামাটিতে অভিনয় করছেন, সুকন্যা, মনির, রেজাউল, আল-আমিন, শাওন, সোনালি, সামাদ, শিশির, ইমন, রাকিব, শরীফ, মোস্তাফিজ, মিতা, মাধুরী, আলো, ঋতু, শাহীন, মাসুদ, নাবলু, জাহিদ প্রমুখ।
মার্সেল মার্সো ১৯২৩ সালের ২২ মার্চ ফ্রান্সে জন্মগ্রহণ করেন। প্রায় ৬০ বছর মূকাভিনয়শিল্পের একনিষ্ঠ সাধনাকারী ২০০৭ সালের ২২ সেপ্টেম্বর প্রয়াত হন।
