২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ডে আগ্রহী নন আমির

আমির খান অভিনীত এ বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘ধুম থ্রি’ বক্স অফিসে কোন কোন রেকর্ড ভাঙতে যাচ্ছে, তা নিয়ে মাথাব্যথা নেই বলে জানিয়েছেন তিনি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 03:58 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, বড়দিনের মৌসুমে মুক্তি প্রতীক্ষিত ‘ধুম থ্রি’ চলতি বছরের রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত শাহরুখ খান অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার রেকর্ড টপকে যাবে, এমন বিষয় নিয়ে জল্পনা-কল্পনা চলছে টিনসেলে। তবে ওসব নিয়ে মাথাব্যথা নেই সিনেমাটির প্রধান অভিনেতা আমিরের।

আমির এ সম্পর্কে বলেন, “রেকর্ড ভাঙা বা নতুন রেকর্ড তৈরি করার বিষয়ে আগ্রহী নই আমি। আমি একজন শিল্পী। আর সেখান থেকেই দর্শকদের আনন্দ দেওয়ার এক ধরনের তাগিদ অনুভব করি আমি। তাদের সন্তুষ্ট করাই আমার মূল উদ্দেশ্য।”

আমিরের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তালাশ’-এ তার অভিনয় প্রশংসিত হলেও সিনেমাটি দর্শকদের কাছে ততটা সমাদৃত হয়নি।

তবে আমির মনে করেন, বক্স অফিস থেকে অর্থ তুলে নেওয়াই একটি সিনেমার সাফল্য নয়। বরং দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাওয়াই মূল অর্জন।

আমির বলেন, “আমি আমার ভক্তদের ভালোবাসা অর্জন করতে চাই। আর তাই আমি এমন ধরনের কাজ হাতে নেই যা আমি কখনও করিনি। দর্শকদের চমকে দেওয়াটা এক ধরনের চ্যালেঞ্জ।”

ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে ‘ধুম’ সিরিজের তৃতীয় সিনেমা ‘ধুম থ্রি’তে প্রথমবারের মতো খলচরিত্রে অভিনয় করেছেন আমির। এবারের সিনেমায়ও যথারীতি থাকছেন অভিষেক বচ্চন এবং উদয় চোপড়া। সিনেমাটি ২০ ডিসেম্বর মুক্তির প্রতীক্ষায় রয়েছে।