২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যারিসন ফোর্ডকে আজীবন সম্মাননা

অক্টোবরে অনুষ্ঠিতব্য জুরিখ ফিল্ম ফেস্টিভ্যালে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হবে হলিউডের সিনিয়র অভিনেতা হ্যারিসন ফোর্ডকে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 05:36 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

ব্যাং শোবিজ জানিয়েছে, ৪ অক্টোবর সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য জুরিখ ফিল্ম ফেস্টিভ্যালের বার্ষিক ফিল্ম গালাতে নিজের সফল ক্যারিয়ারের জন্য পুরস্কৃত হবেন হ্যারিসন।

ফেস্টিভ্যালের পরিচালক কার্ল স্পয়েরি এবং নাদজা শিল্ডনেকট সম্প্রতি একটি বিবৃতিতে বলেন: “হ্যারিসন ফোর্ড হলেন এমন অভিনেতাদের অন্যতম, সিনেমাজগতে যার ক্যারিয়ার অত্যন্ত সফল। তিনি এমন দুটি ফিল্ম সিরিজে অভিনয় করেছেন যেগুলো তাকে এনে দিয়েছে ব্যাপক খ্যাতি।”

বিবৃতিতে আরও বলা হয়, “হ্যারিসন ফোর্ডের মতো অভিনয় খুব কম অভিনেতাই এখন পর্যন্ত করতে পেরেছেন, এমনকি নতুন সিনেমাগুলোতেও অসাধারণ কাজ করছেন তিনি।”

আর হ্যারিসন ফোর্ডকে সম্মাননা জানানোর পাশাপাশি জুরিখ ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে তার অভিনীত ‘ইন্ডিয়ানা জোন্স’ সিরিজের প্রথম সিনেমা, ‘ইন্ডিয়ানা জোন্স: রাইডারস অফ দ্য লস্ট আর্ক’।

ফ্যান্টাসি ধাঁচের নতুন সিনেমা ‘এন্ডারস গেইম’-এ অভিনয় করেছেন হ্যারিসন। নতুন এই সিনেমা ছাড়া বড়পর্দায় তাকে শেষবার দেখা গিয়েছিল বেসবল মুভি ‘ফরটি টু’-তে।

সিলভেস্টার স্ট্যালনের ‘এক্সপ্যাণ্ডেবলস থ্রি’-তে অভিনয় করার সম্ভাবনা রয়েছে হ্যারিসনের। জে জে আব্রামস পরিচালিত নতুন সিনেমা ‘স্টার ওয়ারস এপিসোড সেভেন’-এ নিজের চরিত্র হ্যান সোলোর ভূমিকায় ফিরবেন তিনি।