২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুখ খুললেন বেন

নিজেকে শক্ত মানুষ বলে মনে করেন হলিউডি অভিনেতা বেন অ্যাফ্লেক।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 05:16 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

‘ম্যান অফ স্টিল’-এর সিকুয়েলে নতুন ব্যাটম্যান হিসেবে স্থান করে নেওয়ার পর থেকেই অনলাইনে ভক্তদের সমালোচনা শুনতে হয়েছে তাকে। এসব নিয়ে এতদিন একটি কথা না বললেও সম্প্রতি বেন অ্যাফ্লেক মুখ খুলেছেন। হলিউড রিপোর্টারকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচন প্রক্রিয়ার আদ্যপান্ত জানিয়ে তিনি বলেন,  নিজেকে যথেষ্ট শক্ত মনে করেন বলেই সমালোচনার ব্যাপারটি নিয়ে উচ্চবাচ্য করেননি তিনি।

ব্যাটম্যান হিসেবে ক্রিস্টিয়ান বেলের স্থলাভিষিক্ত হয়েছেন বেন অ্যাফ্লেক-- খবরটি চাউর হবার সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়েন ব্যাটম্যানের ভক্তরা। এমনকি তারা অনলাইনে একটি পিটিশনও করেছিলেন, যাতে  নির্মাতাদের কাছে আবেদন করা হয় সিদ্ধান্তটি পুনর্বিবেচনার।

বেনকে উপহাস করে ইন্টারনেটে শত শত নির্মম এবং কঠোর সমালোচনার পরও চুপচাপ থেকেছেন নতুন ব্যাটম্যান বেন। অবশেষে পরিস্থিতি শান্ত হওয়ার পর এতদিনে মুখ খুলেছেন তিনি।

বেন বলেন, “তারা আমাকে ফোন করল এবং বলল আমি এই কাজটি করতে চাই কি না। আমি তখন ভাবলাম, আরে ভাই আমি তো আর ২৫ বছরের টগবগে যুবক নই। আপনারা কি নিশ্চিত আমি এটা পারব?’

এরপর পরিচালক জ্যাক স্নাইডারের সঙ্গে একান্তে কিছুক্ষণ আলোচনা করার পর বেন রাজি হন ব্রুস ওয়েইনের চরিত্রে অভিনয়ের জন্য।

তবে নতুন ব্যাটম্যান হিসেবে বেনকে কতখানি সমালোচনার শিকার হতে হবে, এ ব্যাপারে সিনেমার সংশ্লিষ্টরা তাকে ভালোভাবে সতর্ক করে দিয়েছিলেন।

বেন জানান, “তারা আমাকে বললেন, শোনেন আমরা আপনাকে একটি বিষয় পরিষ্কারভাবে জানাতে চাই। ভক্তরা এই খবরকে সহজে মেনে নিতে পারবে না। আমরা আপনাকে ইন্টারনেটের এমন কিছু কঠোর সমালোচনার নিদর্শন দেখাতে চাই যেগুলো আগে যারা ব্যাটম্যানের চরিত্রে অভিনয় করেছেন তাদের শুনতে হয়েছে।”

তিনি আরও বলেন, “তারা আমাকে দেখালেন আগের একজন অভিনেতা যখন ব্যাটম্যান হয়েছিলেন তখন এক ভক্ত বলেছিল ‘একে মেরে ফেল!’। কোনো মুভি দেখার আগেই আপনি এটা বলতে পারেন না। মুভিটি দেখে আপনার কেমন লাগল সেটাই বড় কথা, দেখার আগে কেমন লেগেছে তা নয়।”

বেনকে তারা পরামর্শ দিয়েছিলেন কয়েকদিন অনলাইনে না যেতে। তাদের ওই পরামর্শ গ্রহণ করেছিলেন বলেও জানান তিনি।

তিনি বলেন, “আমি বলেছিলাম, আমি এখন অনেক বড় হয়েছি। আমি এখন যে কোনো সমালোচনা গ্রহণ করতে পারব। আমি এখন সবকিছুই সহ্য করতে পারি। আমি যথেষ্ট শক্ত একজন মানুষ।”

বেন বলেন, “আমি যখন অনলাইনে ঘোষণাটি দেখলাম; প্রথম কমেন্টটি পড়লাম, সেখানে লেখা ছিল ’নো’। আমার মনে হল, ‘বাচ্চারা আগামী কয়েকদিন আমাদের মধ্যে ভালোই লড়াই চলবে’!”

‘ম্যান অফ স্টিল’-এর সিকুয়েলে এবার মুখোমুখি দেখা যাবে ব্যাটম্যান এবং সুপারম্যানকে। নতুন ওই সিকুয়েল মুক্তি পাবে ২০১৫ সালের ১৭ জুলাই।