ছোট চুলের অহনা
অভিনেত্রী অহনা রহমানের দীর্ঘ চুল কেটে ছোট করার পর এখন তার চেহারাই পাল্টে গেছে। গোলাম হায়দার কিসলুর পরিচালনায় একটি বিজ্ঞাপনের জন্য তার চুল কেটে কাঁধ পর্যন্ত করতে হয়েছে বলে জানালেন তিনি।
এ বিষয়ে অহনা গ্লিটজকে বলেন, “অ্যাডের কনসেপ্টের সঙ্গে আমার লম্বা চুলে যে লুক আসে, সেটা যাচ্ছিল না। তাই সেটে পরিচালক তাৎক্ষণিকভাবে জানালেন চুল কেটে ফেলতে হবে। আমার খুব কষ্ট লেগেছে, কিন্তু কিছু করার ছিল না।”
তিনি জানান, গত তিন বছরে তিনি একটিবারের জন্যও চুলে কাঁচি ছোঁয়াননি।
সম্প্রতি অহনা ‘ৎ’ নামের একটি টেলিফিল্মের শুটিং শুরু করেছেন। টেলিফিল্মটিতে তার সহশিল্পী হিসেবে কাজ করছেন আসিফ। কামরান আহমেদ টগর ও কাজী সবুজের যৌথ পরিচালনার টেলিফিল্মটিতে দুজনেই কলেজ শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করছেন।
অহনা বলেন, “টেলিফিল্মটিতে আমার সঙ্গে ঘটনাক্রমে পরিচয় হয় আসিফের। পরিচয়ের পর ধীরে ধীরে আমাদের ঘনিষ্ঠতা হয়। এক সময় সে আমাকে ভালোবাসতে শুরু করে। কিন্তু অসুস্থতার কারণে আমার মৃত্যু হয়।”
তিনি আরও বলেন, “আসিফ একজন ভালো অভিনেতা। ওর সঙ্গে অনেক আগে থেকেই পরিচয় আমার। এর আগেও জুটি হিসেবে কাজ করেছি আমরা।”
