হাইস্কুল পেরোলেন মার্ক
দীর্ঘ বিরতির পর এবার নিজের হাইস্কুলের লেখাপড়া শেষ করেছেন হলিউডি অভিনেতা মার্ক ওয়ালবার্গ।
বিষয়টি নিয়ে হাফিংটন পোস্টকে মার্ক বলেন, “আমি খুবই ভাগ্যবান কারণ অনলাইনে আমি আমার হাইস্কুলের পড়া শেষ করতে পেরেছি।”
মার্ক আরও বলেন, “প্রায় এক বছর ধরে আমি এভাবে ক্লাস করেছি। সিনেমার সেটে বসে, কাজের জন্য বাইরে কোথাও যাওয়ার সময় এবং বাসায় বসে পড়াশোনা করেছি। কাজটি যেমন মজার তেমন কঠিনও ছিল। কিন্তু এখন খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি আমি একজন হাইস্কুল গ্র্যাজুয়েট।”
‘ই! অনলাইন’ জানিয়েছে, মডেলিংয়ে ক্যারিয়ার শুরু করার জন্য ক্লাস নাইনেই পড়া ছেড়ে দিয়েছিলেন মার্ক। এরপর হলিউডে এসে অভিনয়ে ক্যারিয়ার গড়লে পড়াটা আর হয়ে ওঠেনি তার। অবশেষে, ৪২ বছর বয়সে এসে হাইস্কুল শেষ করতে পেরেছেন মার্ক।
