২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উপস্থাপনায় আগ্রহী রণবীর

কৌন বনেগা ক্রোড়পতির মতো নতুন কোনো কুইজ শো উপস্থাপনা করতে চান রণবীর কাপুর। সম্প্রতি অমিতাভ বচ্চনের আমন্ত্রণে কুইজ শোটির একটি পর্বে অংশ নিয়ে এ কথা জানান ওই বলিউডি অভিনেতা।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 04:36 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

বলিউডের খানদের সঙ্গে তিনি এরই মধ্যে নেমেছেন প্রতিযোগিতায়। একের পর এক সিনেমায় অভিনয় করে মাতিয়ে রাখছেন ভক্তদের। কিন্তু বড়পর্দায় নিজের চমক দেখিয়েই ক্ষান্ত হতে চান না রণবীর, আর তাই এবার একটি রিয়েলিটি শো উপস্থাপনা করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

রণবীর বলেন, “এটা ভালো বিষয় যে টেলিভিশন এখন খুব ভালো কাজ করছে। আমি সালমান খানের ‘বিগ বস’ এবং অমিতাভের ‘কৌন বনেগা ক্রোড়পতি’ খুব পছন্দ করি। যদি সুযোগ দেওয়া হয়, আমি এ রকম একটি কুইজ শো উপস্থাপনা করতে চাই। আমি টিভিতেও কাজ করতে আগ্রহী।”

‘ওয়েক আপ সিড’, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ এবং ‘বারফি!’-র মতো বড় বড় হিট সিনেমা উপহার দেওয়ার পরও রণবীরের ভাষ্য, এখনও অনেক দূর যেতে হবে তাকে।

তিনি বলেন, “এটা সবেমাত্র শুরু। এখনও অনেক দূর যেতে হবে। আমি কখনও সাফল্যের জোয়ারে ভেসে যাই না।”

এদিকে জি মিডিয়া ব্যুরো জানিয়েছে, সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে অংশ নিয়ে মা নিতু কাপুরের সঙ্গে নেচেছেন রণবীর। নিতু কাপুর জানান, পুত্রের সাফল্যে যারপরনাই গর্বিত তিনি।

ওদিকে, বাবা ঋষি কাপুরের বিষয়ে রণবীর বলেন, বাবা ছাড়া পৃথিবীতে অন্য কাউকে ভয় পান না তিনি। নতুন সিনেমা ‘বেশরম’-এ মা এবং বাবা দুজনের সঙ্গেই অভিনয় করেছেন রণবীর।

বাবার সঙ্গে প্রথমবারের মতো অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে রণবীর বলেন, “আমি প্রথমে খুবই নার্ভাস ছিলাম। আমার জন্মের পর ৩০ বছর পার হয়েছে, আমি কখনও তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারিনি। আমি তাকে অনেক ভয় পাই।”

রণবীর আরও বলেন, “আমার বাবা ছাড়া আর কাউকে আমি ভয় পাই না। আমি অনেকটা নির্ভীক প্রকৃতির। তবে ভয় পাই যদি কখনও ভালো সিনেমায় অভিনয় করার সুযোগ না পাই...ভবিষ্যতে যদি কখনও ইমতিয়াজ আলি কিংবা অনুরাগ বসুর মতো ভালো পরিচালকরা আমার সঙ্গে কাজ করতে না চান তবে আমি সত্যিই ভয় পাব।”

অভিনব কশ্যপ পরিচালিত সিনেমা ‘বেশরম’ মুক্তি পাবে ২ অক্টোবর।