২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানই ছিলেন প্রথম

দীপিকা পাড়ুকোন শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখলেও এর আগে সালমান খানের বিপরীতে একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 03:02 PM

Updated : 13 Oct 2022, 02:58 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, সালমানের সঙ্গে সিনেমায় কাজ করার প্রথম প্রস্তাব দীপিকা পেয়েছিলেন ‘ওম শান্তি ওম’-এর জন্য নির্বাচিত হওয়ার অনেক আগে। প্রস্তাবটি তিনি ফিরিয়ে দিয়েছিলেন। কারণ, তখনও ক্যামারার সামনে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত মনে করেননি তিনি।

দীপিকা বলেন, “আমি যখন খুবই ছোট ছিলাম, তখন সালমান আমাকে প্রথম সিনেমার প্রস্তাব দেন। আমি তখনও ক্যামেরার সামনে কাজ করার জন্য প্রস্তুত ছিলাম না। আমি তার কাছে সব সময় কৃতজ্ঞ থাকব। কারণ আমার জীবনের প্রথম সিনেমার প্রস্তাবটি আমি তার কাছ থেকেই পেয়েছিলাম।”

প্রথম প্রস্তাব পেলেও এখনও সালমানের সঙ্গে কাজ করেননি দীপিকা। তবে ভালো চিত্রনাট্য পেলে সালমানের সঙ্গে কাজ করবেন বলে জানালেন তিনি। দীপিকা বলেন, “সালমানের সঙ্গে এখনও কাজ করার সুযোগ হয়নি। তবে আমি মনে করি অবশ্যই আমাদের জন্য বিশেষ কিছু অপেক্ষা করছে।”

‘কোচাদাইয়ান’ সিনেমায় দক্ষিণী অভিনেতা রজনীকান্তের বিপরীতে অভিনয় করবেন দীপিকা। তিনি বলেন, “তার সঙ্গে আমি তিনদিন কাজ করেছি। আর এ অল্প সময়ে তার মধ্যকার সাধারণ এবং উদার মানসিকতার মানুষটির সঙ্গে পরিচিত হতে পেরেছি আমি। এত বছর কাজ করার পর এবং এতটা সাফল্য অর্জন করার পর এখনও তার মধ্যে কাজ করার বিপুল প্রাণশক্তি রয়েছে।”

সঞ্জয় লীলা বনসালি পরিচালিত রোমান্টিক ড্রামাভিত্তিক সিনেমা ‘রামলীলা’তে অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন দীপিকা। সিনেমাটি ২৯ নভেম্বর মুক্তি পাবে।