রণবীর-দীপিকার রসায়ন
বলিউডি অভিনেতা রণবীর সিং মনে করেন, তার এবং দীপিকা পাড়ুকোনের কেমিস্ট্রিই সঞ্জয় বনসালি পরিচালিত ‘রামলীলা’ সিনেমার মূল আকর্ষণ।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, রণবীরের মতে সিনেমাটির গল্পকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার পেছনে মূল অবদান হল দীপিকার সঙ্গে তার কেমিস্ট্রি।
এ বিষয়ে রণবীর বলেন, “আমরা একে অপরের সঙ্গে কাজ করব, এটা আমাদের ভাগ্যেই লেখা ছিল। রোমিও-জুলিয়েটের সঙ্গে মিল আছে আমাদের রসায়নের। আমার মনে হয় সিনেমার কাহিনিকে ফুটিয়ে তুলতে বেশি সাহায্য করবে আমাদের রসায়ন।”
সিনেমাটির শুটিংয়ের সময় থেকেই দীপিকার প্রতি রণবীরের দুর্বলতার কথা ছড়িয়ে পড়ে টিনসেলে। এমনকি দীপিকার অন্যান্য সিনেমার শুটিংয়ের সময়ও তার সঙ্গে গোপনে দেখা করতে গিয়েছেন রণবীর। তবে দীপিকার সঙ্গে তার সম্পর্কের বিষয়ে জানতে চাইলেও মুখ খোলেননি ওই অভিনেতা।
বনসালি পরিচালিত ‘রামলীলা’ সিনেমাটি মুক্তি পাবে ২৯ নভেম্বর। ওই সিনেমায় দীপিকার সঙ্গে ঘনিষ্ট কিছু চুম্বনের দৃশ্যেও অভিনয় করেছেন রণবীর।
ওই বিষয়ে রণবীর বলেন, “অভিনেতা হিসেবে সব দৃশ্যই একরকম। তবে সঞ্জয় লীলা বনসালির ক্ষেত্রে এটি ভিন্ন। কারণ, তিনি অতি সাধারণ দৃশ্যকেও অনেক বেশি কঠিন করে তোলেন, যাতে করে দৃশ্যটি আরও নিখুঁত হয়।”
