২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা এটা অর্জন করেছি : দূরে

আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলো নিয়ে কাজ করেন প্রযোজক ঈশা খান দূরে। তিনি ২০০০ সাল থেকে এ পর্যন্ত ৬টি শ্রোতাপ্রিয় অ্যালবামের রূপকার। সবার কাছে তিনি আন্ডারগ্রাউন্ড ব্যান্ড ‘ছাড়পত্র’, ‘অনুশীলন’, ‘প্রজন্ম’, ‘দিনবদল’, লোকায়ত, ‘হাতিয়ার’-কে নিয়ে করা অ্যালবামগুলোর জন্য সমধিক পরিচিত। এবার পরিকল্পনা করছেন ৭২টি ব্যান্ড নিয়ে ১৪৪ ধারা নামে একটি মিক্সড অ্যালবাম প্রকাশের। তার বর্তমান কাজ এবং আন্ডারগ্রাউন্ড মিউজিক নিয়ে গ্লিটজের পক্ষ থেকে কথা বলেছেন চিন্তামন তুষার।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 04:59 PM

Updated : 13 Oct 2022, 02:57 PM

গ্লিটজ : ১৪৪ ধারা কী ধরনের অ্যালবাম হবে?

দূরে : ১৪৪ ধারা একটি আর্ন্তজাতিক মানের অ্যালবাম হবে বলে আশা করি। ৬২টি দেশি ব্যান্ড এবং বাকি ১০টি ব্যান্ড দেশের বাইরের। এখনও ডেমো জমা নেওয়ার কাজ চলছে।

গ্লিটজ : লোকায়ত অ্যালবামের পর দীর্ঘদিন কাজ করেননি কেন?

দূরে : আমি যার কাছ থেকে সাউন্ডের কাজ শিখতাম, মবিন ভাই (মবিন আহমেদ চৌধুরী) একটা সড়ক দুর্ঘটনায় মারা যান। ওইসময় আমি তার স্টুডিওতে সাউন্ড রেকর্ডিস্ট হিসেবে কাজ করতাম। তার চলে যাওয়াতে কাজ বন্ধ রেখেছিলাম।

গ্লিটজ : কাজে ফিরলেন কীভাবে?

দূরে : গানের মানুষদের গান থেকে দূরে থাকা সম্ভব না। হয়তো কোনো কারণে আমি বেশ কিছুদিনের জন্য দূরে ছিলাম। কিন্তু তাড়না তো ছিলই। এ জন্যই ফেরা।

গ্লিটজ : ‘হাতিয়ার’ দিয়েই কি কাজে ফিরলেন?

দূরে : হ্যাঁ, পরবর্তীতে আমি যোগ দেই একুশে টেলিভিশনে সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে। নতুনভাবে কাজ করতে গিয়ে দেখি নতুনদের কেউ প্রমোট করে না। সবসময় ভাবি আমি নবীন, আমি নতুন। নবীনদের সঙ্গে থাকতেই বেশি পছন্দ করি। তাই  আরেকটা উদ্যোগ নিলাম। এ জন্য আমার স্ত্রী বীথি বেশ চাপ দিচ্ছিল অনেকদিন ধরে। ও খুব ভালো শ্রোতা। কাজের ক্ষেত্রে অনেক বিষয়েই আমাকে সাহায্য করে। গান, ব্যান্ড নির্বাচনের জন্য এখনও সে আমাকে সাহায্য করছে।

গ্লিটজ : হাতিয়ার নিয়ে কিছু বলুন।

দূরে : ২০০৫ সালের ঘোষণা ছিল পরবর্তী অ্যালবাম হাতিয়ার। কিন্তু মাঝখানে লম্বা বিরতির মোটা দাগ পড়ে গেছে। চিন্তা করলাম কী করে কাজ করা যায়? আমি তো দীর্ঘদিন হল কাজ করিনি। মার্কেট সম্পর্কে কোনো ধারণা নেই। বিরতির সময়ে খোঁজখবর বলতে, বসুন্ধরায় ঘুরতাম। মার্কেটের অবস্থা ভালো লাগত না। ওইখান থেকে আমি আস্তে আস্তে সিদ্ধান্তে আসলাম, নতুনদের নিয়ে কাজ শুরু করব। একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামকে বিষয়টা জানালাম। তারপর অডিও থেকে প্রোগামে সুইচ করলাম। যেন ভিজুয়াল দিক থেকেও হেল্প করা যায়। তখন স্থাপিত হয় আমাদের ইএমএল।

এর পাশাপাশি ২০১১ সালে হাতিয়ারের কাজ শুরু করলাম। অ্যালবামের বিষয়ে ফেইসবুকের মাধ্যমে সবাইকে জানাই। অনেক সাড়া আসে, প্রায় ৩৬৫টি ব্যান্ড আমার কাছে ডেমো পাঠায়। এরমধ্যে বিভিন্ন শো, কনসার্টে যাই, অবস্থা দেখার জন্য। দেখলাম ওরা অনেক ভালো করছে। সাহস পেলাম ওদের নিয়েই কাজ করার। ৩৬৫ ব্যান্ড থেকে বেছে নিই ৬৪টি। ৪টি ডিস্ক করি, যা ওয়ার্ল্ড রেকর্ড। ওয়ার্ল্ডের আর কোথাও নেই এত বড় অ্যালবাম। আমি ওটা নিয়ে অ্যাপ্লাই করি গ্রিনিজে (গ্রিনিজ ওয়ার্ল্ড রেকর্ডস)। গ্রিনিজ আমাকে কোনো ক্যাটাগরি না দিলেও জানায়, এতবড় অ্যালবাম এটাই প্রথম। কিন্তু যেহেতু ক্যাটাগরি নাই, তাই স্থান দিতে পারল না বলে দুঃখ প্রকাশ করে।

গ্লিটজ : ইএমএলের সঙ্গে ইটিভির সম্পর্ক কী?

দূরে : আমার প্রজেক্টের সঙ্গে চ্যানেলের কোনো সম্পর্ক নেই। আমি যেভাবে কাজ করি নতুনদের জন্য। চেয়ারম্যান স্যারও তেমনি নতুনদের প্রতি সবসময় ইতিবাচক মনোভাব পোষণ করেন। এখন আমার একটা সাপ্তাহিক অনুষ্ঠান প্রচার হচ্ছে, ইএমএল একুশে মিউজিক ল্যাব নামে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি নতুন বা আপকামিং ব্যান্ডকে প্রমোট করার চেষ্টা করছি।

গ্লিটজ : আন্ডারগ্রাউন্ড ব্যান্ডদের নিয়ে মিক্সড অ্যালবাম করার ধারণা কীভাবে পেলেন?

দূরে : স্টুডিও সাউন্ড গার্ডেনে জয়েন করি ১৯৯৭ সালে। সে সময় ব্যান্ড মিউজিকের একটা প্রবল জোয়ার চলছিল। ফিলিংস, মাইলস, সোলস, ফিডব্যাক, নোভা, প্রমিথিউস, রেনেসা এমন নামকরা ব্যান্ডগুলো কাজ করার জন্য সাউন্ড গার্ডেনে আসত নিয়মিত। ওরা সবাই রের্কডিং করে। এদের ফাঁকে কিছু নতুন ব্যান্ড দেখলাম ওখানে রেকর্ডিং করতে আসত। দেখলাম ওদের অবস্থা বেশ ভালো। ওদের সঙ্গে আমার বন্ধুত্ব হয়। ওদের শোতে যেতে শুরু করলাম। ঘুরে ঘুরে দেখতাম ওরা ভালো করছে; অথচ কোনো প্রমোশন নেই। অ্যালবাম বের করার প্রশ্নে ওদের দিকে কেউ ফিরেও তাকায় না। ক্যাসেট কেনাকাটা করার সূত্রে আমার সঙ্গে জি-সিরিজের খালেদ ভাইয়ের আলাপ ছিল আগে থেকেই। তো খালেদ ভাইকে প্রথমে অফার করলাম। ‘ব্যান্ডগুলোকে এক করে আমরা একটা অ্যালবাম করতে পারি কি না।’ তিনি প্রস্তাব শুনে রাজি হয়ে গেলেন। ‘ছাড়পত্র’ দিয়ে শুরু হল আমাদের যাত্রা।

গ্লিটজ : বলছিলেন ‘ওই সময়ে ব্যান্ড মিউজিকের প্রবল জোয়ার ছিল’। এখন কী অবস্থায় আছে বলে মনে করেন?

দূরে : এখনকার অবস্থা খুব করুণ বলা চলে। এর কারণ, পাইরেসি। মিউজিশিয়ানরা আগের চেয়ে অনেক ঋদ্ধ হয়েছেন। তাই মিউজিক এবং সাউন্ড সবদিক দিয়েই এখন ভালো মিউজিক হচ্ছে। কিন্তু সমস্যা একটাই, পাইরেসি। যে অ্যালবামটা আপনি লঞ্চ করবেন। দেখবেন ওই রাত থেকেই সেটা ফ্রি ডাউনলোড শুরু হয়ে গেছে।

গ্লিটজ : পাইরেসি ঠিক কীভাবে আপনাদের ক্ষতি করছে?

দূরে : একটা গান করতে অনেক অর্থ ও শ্রম খরচ করতে হয়। তারপর ওটা রেডি হয়ে কোম্পানির কাছে যায়। তারা এটা নিয়ে ব্যবসা করে। ওদের অনেক টাকা লগ্নি করতে হয়। এখন লগ্নি করা অর্থ ফেরত আসে না ব্যবসায়ীদের হাতে। এতে তারা ক্ষতিগ্রস্ত হন। তখন আরও কী হয়, তারা ব্যবসাটির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। যেমন-- বাংলাদেশের বড় একটি প্রতিষ্ঠান সাউন্ডটেক আজ বন্ধের পথে। সংগীতাও ধুঁকছে। এটা আমাদের, মানে মিউজিশিয়ানদের জন্য ক্ষতির একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে।

গ্লিটজ : মিউজিশিয়ানদের ক্ষতি হচ্ছে কীভাবে?

দূরে : তাদের যদি অ্যালবাম করতে হয় তাহলে তো রের্কডিংসহ আনুষঙ্গিক আরও খরচ আছে। এই টাকা তো আর কোম্পানি থেকে পাচ্ছেন না তারা। পকেট থেকেই দিতে হয় খরচটা।

গ্লিটজ : এভাবে তো তাহলে অনেক ব্যান্ড থেমে গেছে। এমন দুয়েকটির নাম বলবেন?

দূরে : অন্যদেশে অ্যালবামের জন্য ব্যান্ডগুলো যে সম্মানি পাচ্ছে তাতে আয়ের একটি ভালো পথ হয়ে যায় তাদের। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা একদমই নেই। এ কারণেই দেখা যায় জীবনধারণের তাগিদে বিজনেস, চাকরিতে ব্যস্ত হয়ে পড়ছেন বা দেশের বাইরে চলে যাচ্ছেন অনেকেই। এদের মধ্যে আর্টসেল ভাঙার পথে, উদীয়মান ব্যান্ড হিসেবে ভাইকিংস। উইনিং, চাইম এমন অনেক ব্যান্ড ঝরে গেছে সারভাইভ না করতে পেরে।

গ্লিটজ : আন্ডারগ্রাউন্ড বিষয়টা কী?

দূরে : এরা একটা গোষ্ঠী; যারা মিডিয়া বা অন্য কারও ধার ধারে না। তারা নিজেরা গান করবে, ওদের পরিচিতদের নিয়ে। আয়োজনটা হতে পারে কোনো গ্যারেজে বা একটা চাপা জায়গায়। তাদের অ্যালবাম বেরুল কি বেরুল না-- এসব নিয়ে তারা একদমই মাথা ঘামাবে না। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা একটু ভিন্ন হয়ে গেছে। তাই আমি লোকায়ত অ্যালবামে এই বিষয়ে একটা ঘোষণাও দিয়েছিলাম যে, ‘ফাইনালি ওভার দ্য ক্রাউড।’

গ্লিটজ : সেদিক থেকে আন্ডারগ্রাউন্ড চর্চাকে কেমন মনে করেন আপনি?

দূরে : আমি অবশ্যই ভালো মনে করি। এখানে কোনো ড্রাগস নেই। এখানে অধিকাংশই লেখাপড়ার পাশাপাশি মিউজিক করেন। তারা প্রতেক্যেই ভালো স্টুডেন্ট। তাদের কাছ থেকে নিশ্চয়ই দেশ ক্ষতিকর কিছু পাবে না।

গ্লিটজ : পাইরেসি এবং ঝরে পড়া ব্যান্ডের কথা বলছিলেন একটু আগে। এখন কী অবস্থায় আছে আমাদের ব্যান্ড মিউজিক? আপনার কাছে কী মনে হয়?

দূরে : এখন ব্যান্ড মিউজিকের অবস্থা দিনের পর দিন খারাপের দিকেই যাচ্ছে। কেউ এটাকে পেশা হিসেবে নিতে পারছে না বা নির্বিঘ্নে চালিয়ে যেতে পারছে না। কারণ, এখান থেকে তারা রিটার্ন পাচ্ছে না কিছু। তো সরকার চাইলেই এ বিষয়ে একটা ব্যবস্থা নিতে পারে।

গ্লিটজ : কীভাবে?

দূরে : যেমন ধরেন এই যে ওয়েবসাইটগুলো আছে, যেখান থেকে ফ্রি ডাউনলোড করা যায়। সরকার চাইলেই সেগুলো বন্ধ করে দিতে পারে। তাই সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে তারা যেন এদিকে দৃষ্টি দেয়। আমি বিশ্বাস করি যেমন ক্রিকেট আমাদের দেশের জন্য সম্মান নিয়ে এসেছে। তেমনি আমদের ব্যান্ড মিউজিকের যেসব মিউজিশিয়ান আছেন তারা বাংলাদেশকে নতুন ভাবে চেনাতে পারবেন। উদাহরণ হিসেবে বলা যায়-- হলিউডের সাউন্ডট্র্যাকের কাজও তারা করবেন একদিন।

গ্লিটজ : ইদানিং ব্যান্ড অ্যালবাম হচ্ছে না বললেই চলে। তবু কিছু ব্যান্ড প্রচলিত ধারা মানে পরিবেশক-প্রযোজকদের দিয়ে অ্যালবাম বের না করে নিজেরাই অ্যালবাম বিক্রি করছে। আরেকদিকে কয়েকটি ব্যান্ড আবার প্রচলিত ধারাতেই অ্যালবাম প্রকাশ করছে। দুই পদ্ধতির কোনটি নিরাপদ?

দূরে : আমি নতুনদের নিয়ে কাজ করছি। সিনিয়রদের গান হয়তো কিনছে শ্রোতারা। ডাউনলোডসহ আরও নানা মাধ্যমে হয়তো বিকোচ্ছে তাদের অ্যালবাম। কিন্তু আমি যাদের নিয়ে কাজ করি; নতুন ব্যান্ড। ওদের কেউ চেনে না। তাদের গানও নেট থেকে কেউ কিনবে না। আমি আমার জায়গা থেকে এটাই মনে করি, প্রচলিত মাধ্যমটাই আপাতত নিরাপদ।

গ্লিটজ : ১৪৪ ধারার পরে কী করার পরিকল্পনা করছেন?

দূরে : এখন তো একটা মিক্সড করছি আমি। আমার আর একটা পরিকল্পনা হচ্ছে, যদি বাংলাদেশে একটা মিউজিক চ্যানেল হয় আর কি! আমার ভেতর অনেক কিছু আছে। আমি সে সব অ্যাপ্লাই করতে পারব চ্যানেলের মাধ্যমে। আমার আসলে একটা মিউজিকের চ্যানেল করার ইচ্ছা আছে।

গ্লিটজ : মিউজিক প্রডিউসার হিসেবে আপনার আদর্শ কে?

দূরে : প্রথমে বলতে হবে আজম খানের নাম। তাকে দেখেই আমার মিউজিকের প্রতি ভালোবাসা জন্মায়। উনিও নতুনদের জন্য অনেক কিছু করেছেন। পরবর্তীতে কাজ করতে গিয়ে এহসান এলাহী ফান্টি আমার আদর্শস্থানীয় হয়েছেন।

গ্লিটজ : উনি (আজম খান) সম্ভবত অনেক অ্যালবামের কাজ করেছেন ছোটদের নিয়ে।

দূরে : নতুনদের সঙ্গেই ছিলেন তিনি। অনেক পরিকল্পনা ছিল উনার। সে সবের অনেকগুলো সফল হয়নি আজও।