এ রায় জনগণের রায়
১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণা হল মঙ্গলবার। রাজাকারের ফাঁসির রায়ে দারুণ আনন্দিত তারকারা গ্লিটজকে জানালেন তাদের প্রতিক্রিয়া। তারা বলেছেন, আজকের রায় জনগণের রায়।
নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু
অভিনেতা, নির্দেশক
কাদের মোল্লার ফাঁসির রায়ে স্বস্তিবোধ করছি। দীর্ঘদিনের সংগ্রামের পর আজ আমরা সুবিচার পেয়েছি। কাদের মোল্লার মতো জঘন্য অপরাধীর ফাঁসির রায়ে স্বস্তি ফিরবে স¦জনহারানো মানুষের মনে। আমি মনে করি, আজকের এ রায়ে জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন হয়েছে।
কাদের মোল্লার আইনজীবী জানিয়েছেন, রিভিউ করবেন। কিন্তু আইসিটি ল’তে রিভিউ আবেদনের কোনো সুযোগ নাই। এখন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা করতে পারেন। তবে সেক্ষেত্রে লাভ হবে না।
শুরু থেকে শেষ অবধি সংস্কৃতিকর্মীরা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ভবিষ্যতেও থাকবেন। গান, নাটক আর কবিতার মাধ্যমে আমরা দেশবাসীকে যুদ্ধাপরাধীদের রায়ের ব্যাপারে আরও সোচ্চার করে তুলব। সংস্কৃতিকর্মীরা নিরন্তর লড়াই চালিয়ে যাবেন।
রোকেয়া প্রাচী
অভিনেত্রী
একটি রায়ের জন্য কত প্রতীক্ষা ! কাদের মোল্লার ফাঁসির রায় হবে-- এ ভাবনায় রাতে ঘুমোতেই পারি নাই। ভেবেছিলাম আদালত চত্বরেই সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেব। ব্যস্ততা অবসর দিল না। আজকের এ রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে। এ জন্য সরকার ও আদালতকে ধন্যবাদ।
আজকের এ রায়ে শান্তি পাবে মুক্তিযুদ্ধে শহীদের আত্মা, শান্তি পাবে বীরাঙ্গনারা। অনেক হারানোর বেদনা নিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর এ রায় হয়েছে। এখন শুধু অপেক্ষা, কবে রায় কার্যকর হবে। এ রায়ের মাধ্যমে আবারও এ দেশে আইনের বিজয় হল। আইনের যৌক্তিক ও ন্যায্য বিজয় হয়েছে আজ।
অন্যদেরও ফাঁসি ছাড়া অন্য কোনো রায় কাম্য নয়।
জ্যোতিকা জ্যোতি
অভিনেত্রী ও গণজাগরণ মঞ্চের অন্যতম কর্মী
কাদের মোল্লার রায়ে আমি খুব খুশি। এ রায় মুক্তিকামী বাঙালির বহু প্রত্যাশিত রায়। এ রায় তরুণ প্রজন্মের আন্দোলনের ফসল। কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে তারাই তো দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে দিল। গোটা দেশবাসীকে একত্রিত করে জানাল ‘ কাদের মোল্লার যাবজ্জীবন মানি না, মানব না।”
শাহবাগের সুদীর্ঘ আন্দোলনের ফসল পেলাম আজ। শাহবাগের আন্দোলন ছড়িয়ে গেল দেশব্যাপী। দেশবাসীর প্রত্যাশার চাপে আইন সংশোধন হল। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল হল। আর আজ ফাঁসির রায় হল। খুশি তো ধরছে না আর ! এখনও মনে পড়ে, রায়ে মৃত্যুদণ্ড না হওয়াতে কাদের মোল্লা জয়সূচক ভি চিহ্ন দেখিয়েছিল। আর আজ আমরা ‘ভি’ দেখাচ্ছি। তার মানে আমাদের জয়যাত্রা শুরু হয়ে গেল। আমরা আর পিছিয়ে পড়ব না। বাকিদেরও যেন একইভাবে ফাঁসির রায় হয়, সে জন্য জোর আন্দোলন চালিয়ে যাব।
এ বিজয়ে সংস্কৃতিকর্মীদের একটি বড় ভূমিকা ছিল। মানুষকে উদ্বুদ্ধ করতে প্রতীকী নাটিকা, গান, নাচ হয়েছে। গানের সুরে সুরে, নাটকের সংলাপে আমরা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার হয়েছি। এই বিজয় তাই সংস্কৃতিকর্মীদেরও।
