২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মিস আমেরিকা’ হলেন নিনা

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতা ‘মিস আমেরিকা’র খেতাব এবার জয় করে নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত তরুণী নিনা দাভুলুরি। ১৫ সেপ্টেম্বর আটলান্টা সিটিতে অনুষ্ঠিত প্রতিযোগিতাটির গ্র্যান্ড ফিনালেতে সাবেক মিস আমেরিকা ম্যালোরি হেগেনের কাছ থেকে আমেরিকার সেরা সুন্দরীর মুকুট গ্রহণ করেন নিনা।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2013, 06:47 PM

Updated : 13 Oct 2022, 02:57 PM

মিস নিউ ইয়র্ক হিসেবে প্রতিযোগিতায় অংশ নেওয়া নিনা পুরস্কার হিসেবে পেয়েছেন সেরা সুন্দরীর মুকুট এবং ৫০ হাজার ডলারের একটি শিক্ষাবৃত্তি। ২৪ বছর বয়সী নিনা প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে ওই খেতাব জয়ের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “আমি দারুণ খুশি যে, প্রতিষ্ঠানটি শেষ পর্যন্ত আমেরিকান জনগণের মধ্যকার বৈচিত্র্যকে স্বীকৃতি দিয়েছে। আমি দারুণ কৃতজ্ঞ তাদের প্রতি। বাড়িতে বসে এই অনুষ্ঠান দেখা শিশুরাও এবার নতুন এক মিস আমেরিকা পেল।”

এদিকে ‘মিস আমেরিকা’ হিসেবে এক ভারতীয় বংশোদ্ভূতের জয় মোটেই ভালো চোখে দেখছে না দেশটির জনগণের একাংশ। অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এ ব্যাপারে টুইটারে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন অনেকে, যা আমেরিকানদের বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ হিসেবে দেখছে ভারতীয়রা।

এনডিটিভিতে প্রকাশিত এক সংবাদে জানানো হয়েছে, নিনার ‘মিস আমেরিকা’ জয়ের পরপরই আমেরিকানদের বিক্ষুব্ধ টুইটের জোয়ারে ভেসে গেছে মাইক্রোব্লগিংয়ের ওই সাইট। সেখানে জানানো হয়েছে, ‘মিস নিউ ইয়র্ক একজন ভারতীয়! এই হল আমাদের আমেরিকা!’

‘আমি শপথ করে বলতে পারি, আমি বর্ণবাদী নই। কিন্তু এটাই আমেরিকা!’

‘চারদিন আগেই হয়ে গেল নাইন ইলেভেন। আর সে (নিনা) হয়ে গেল মিস আমেরিকা?’

‘এবার হয়তো আরবরাও মিস আমেরিকা হবে। অদ্ভূত!’

--এ রকম সব টুইট করেছেন দর্শকরা।

ওদিকে অনলাইনে তাকে নিয়ে এমন বর্ণবাদী মন্তব্যের প্রেক্ষিতে কোনো প্রতিবাদ ব্যক্ত করেননি নিনা। তিনি বলেছেন, “ওইসব মন্তব্য নিয়ে আমি কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছি না। কারণ, আমি সবসময়ই সবার প্রথমে নিজেকে একজন আমেরিকান হিসেবেই পরিচয় দিয়ে এসেছি।”