২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তির অপেক্ষায় আইরিনের দুটি সিনেমা

র‌্যাম্প মডেল আইরিনের দুটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমা দুটি হল দেবাশীষ বিশ্বাসের ‘ভালোবাসা জিন্দাবাদ’ এবং চন্দন সাইফের ‘ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল’। শেষমুহূর্তের সম্পাদনার কাজ শেষ হলেই মুক্তি পাবে সিনেমা দুটি।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2013, 06:44 PM

Updated : 13 Oct 2022, 02:57 PM

র‌্যাম্পের গণ্ডি ছাড়িয়ে আইরিন ক্রমশ পরিচিত হয়ে উঠছেন পুরোদস্তুর অভিনেত্রী হিসেবে। এ বিষয়ে আইরিন গ্লিটজকে বলেন ,“চলচ্চিত্র আমার স্বপ্নের জায়গা। আমার ভালোবাসা। এ অঙ্গনে নিজের আসন পাকাপোক্ত করে নিতে চাই।”

আইরিন আরও বলেন, “গল্প ও চরিত্র পছন্দ হচ্ছে না বলে অনেক নির্মাতাকে ফিরিয়ে দিয়েছি। গতানুগতিক ধারার কোনো চলচ্চিত্রে কাজ করতে চাই না।”

এই দুটি সিনেমার পাশাপাশি আইরিন অভিনয় করছেন গাজীউর রহমানের ‘এই তুমি সেই তুমি’ চলচ্চিত্রে। মহম্মদ আলী পারভেজের পরিচালনায় ‘প্রিয়তমা আমি দাঁড়ি তুমি কমা’ সিনেমার বেশ কিছু অংশের দৃশ্যধারণের কাজ চলছে। এই চলচ্চিত্রে আইরিনের বিপরীতে আছেন নিলয়।

চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত থাকায় নাটকে অভিনয় করতে না পারলেও সুযোগ পেলেই বিভিন্ন পণ্য ও ম্যাগাজিনের ফটোশুট করছেন। ডিসেম্বরে বিবি রাসেলের কালেকশন নিয়ে আয়োজিত একটি র‌্যাম্পে তিনি অংশ নেবেন। অংশ নেবেন কলকাতা ফ্যাশন ডিজাইনিং উইকেও।