স্বাগতার দিনকাল
আজকাল বড় ব্যস্ত সময় পার করছেন কণ্ঠশিল্পী ও অভিনেত্রী স্বাগতা। এবারের ঈদে নয়টি নাটকে অভিনয় করছেন তিনি নির্মাতা বদরুল আনাম সৌদের ‘অন্দরমহল’ নাটকে প্রতিবাদী এক নারীর চরিত্রে অভিনয় করেছেন স্বাগতা ।
ঈদে স্বাগতা অভিনীত নাটকগুলো হল বদরুল আনাম সৌদের ‘এলেবেলে’ ও ‘অন্দরমহল’, সাজ্জাদ সুমনের ‘অপরাজিতা’, আশুতোষ সুজনের ‘জিরো পয়েন্ট’, নজরুল ইসলাম রাজুর ‘চুপকথা’, সৈয়দ শাকিলের ‘স্ক্যান্ডাল’, গোলাম হাবিব লিটুর ‘মনচোরা গলি’, এম. আর. মিজানের ‘নায়িকা সংবাদ’, আওলাদ হোসেনের ‘কেবলই স্বপন করেছি বপন’।
স্বাগতা গ্লিটজকে বলেন, “এলেবেলে নাটকটির জন্য ময়মনসিংহের ভাষা রপ্ত করতে হয়েছে। ব্যাপারটি মোটেই সহজ ছিল না।”
পারিবারিক ব্যান্ড মহাকাল-এর হালহকিকত কি-- এ প্রশ্নের জবাবে স্বাগতা গ্লিটজকে বলেন, “নাটকে অভিনয়ের ব্যস্ততায় গানের জন্য আলাদা সময় বের করতে পারছি না। নতুন অ্যালবামের পাঁচটি গান বাছাই করা হয়েছে। সন্ধি সুরারোপ করছে। তবে পুরো প্রস্তুতি হয়নি। আশা করি, ঈদের পর পুরোদমে কাজ শুরু করব।”
নতুন চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে তিনি জানান, চিত্রনাট্য ও চরিত্র পছন্দ হচ্ছে না বলে নির্মাতাদের ফিরিয়ে দিচ্ছেন।
