২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বন্ড হার্ডি?

বন্ড ফ্রাঞ্চাইজি সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে ড্যানিয়েল ক্রেইগের পর তাদের পরবর্তী বন্ড অভিনেতা নির্বাচনের। অষ্টম অভিনেতা হিসেবে জেমস বন্ডের চরিত্র রূপায়নের ওই তালিকায় না কি এখন সবার ওপরে অবস্থান করছেন টম হার্ডি।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2013, 05:10 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

ডেইলি এক্সপ্রেস জানিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আর দুটি সিনেমা পরেই নতুন বন্ডের দেখা পাবেন দর্শকরা। সেই ক্ষেত্রে এখন ৩৬ বছর বয়সী ব্রিটিশ অভিনেতা টম হার্ডিকেই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন তারা।

বিষয়টি নিয়ে সূত্র জানিয়েছে, জেমস বন্ড হিসেবে ড্যানিয়েল ক্রেইগকে দেখা যাবে আর মাত্র দুটি সিনেমায়। আর তাই এখন থেকেই শুরু হয়ে গেছে তার উত্তরসূরির খোঁজ। এক্ষেত্রে নির্মাতাদের পছন্দের শীর্ষে রয়েছেন টম। তাদের মতে, বন্ড হিসেবে টম পুরোপুরি উপযুক্ত। কারণ, এ পর্যন্ত তার অভিনীত সিনেমাগুলো দর্শকের কাছে একটি আলাদা অবস্থান তৈরি করেছে। ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ সিনেমার সুপারভিলেইন ‘বেন’-এর ভূমিকায় অভিনয় করা টম নারীদের কাছে আকর্ষণীয় আর পুরুষদের কাছেও অনুকরণীয়। বন্ড চরিত্রের জন্য ঠিক এরকম ইমেজের কাউকেই এখন খুঁজছেন নির্মাতারা।

এদিকে একজন ব্রিটিশ অভিনেতা হওয়ার সুবাদে সবসময়ই কিংবদন্তি ওই সিক্রেট এজেন্টের চরিত্রে অভিনয়ের ইচ্ছা ব্যক্ত করেছেন টম। আর তাই এরকম কোনো প্রস্তাব এলে সানন্দে গ্রহণ করবেন বলেও জানিয়েছেন ওই অভিনেতা।

পিয়ার্স ব্রসনানের পর বন্ড ফ্যাঞ্চাইজির সর্বশেষ তিন সিনেমায় অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেইগ। স্যাম মেন্ডেজ পরিচালিত ‘স্কাইফল’-এর ব্যাপক সাফল্যের পর ক্রেইগ এখন ব্যস্ত তার পরবর্তী সিনেমা ‘বন্ড টোয়েন্টিফোর’ নিয়ে। সিনেমাটি মুক্তি পাবে ২০১৫ সালের মাঝামাঝিতে।