উডি অ্যালেনকে আজীবন সম্মাননা
অস্কারজয়ী হলিউডি পরিচালক উডি অ্যালেন এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের আসরে সেসিল বি. ডিমিলে বা আজীবন সম্মাননা পদক অর্জন করতে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছে হলিউডের ফরেন প্রেস অ্যাসোসিয়েশন।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, ৭১তম গোল্ডেন গ্লোবের আসরে ওই সম্মানে ভূষিত হবেন উডি। প্রতি বছর বিশ্ব চলচ্চিত্র ও বিনোদনে যাদের অবদান রয়েছে, তাদের হাতে আজীবন সম্মাননার পদক তুলে দেওয়া হয়।
সংস্থাটির প্রেসিডেন্ট থিও কিংগামা বলেন, “এ পদকের জন্য উডি অ্যালেনের চেয়ে উপযুক্ত আর কেউই নন। তিনি চলচ্চিত্রজগতের জন্য যা করেছেন, তা সত্যিই অতুলনীয়।”
অ্যালেন তার কর্মজীবনে ৪৫টি সিনেমা নির্মাণ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল ‘অ্যানি হাল’, ‘ম্যানহাটান’ এবং ‘হান্না অ্যান্ড হার সিস্টারস’। তিনি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে ১৩টি মনোনয়ন লাভ করেন। ১৯৮৫ সালে ‘দি পারপেল রোজ অফ কায়রো’ এবং ২০১২ সালে ‘মিডনাইট ইন প্যারিস’ সিনেমার চিত্রনাট্যের জন্য তিনি পুরস্কার লাভ করেন।
