নরওয়ে সফরে ‘চিরকুট’
কনসার্টে অংশ নিতে নরওয়ে সফরে যাচ্ছে ব্যান্ডদল চিরকুট। ২৫ সেপ্টেম্বর ঢাকা ছাড়ছে তারা।
এ বিষয়ে ব্যান্ডের ভোকালিস্ট সুমি গ্লিটজকে বলেন, “৩০ সেপ্টেম্বর থেকে অসলোতে শুরু হবে কনসার্ট। এই সফরে আমাদের সঙ্গে পারফর্ম করবে নরওয়ের বিখ্যাত ব্যান্ড কাসা মুরিলো। এ কনসার্টের আয়োজন করেছে রিকসকনসার্টেন নরওয়ে। এরপর ৬ অক্টোবর পর্যন্ত আরও ছয়টি শহরে গান করব। শহরগুলো হল বারগেন, মোল্ডে, ট্রনহেইম, লোফোটেন ও বোডো।”
সুমী আরও জানান, সম্প্রতি কাসা মুরিলো ঢাকা সফরে এসেছিল। তখন কাসা মুরিলোর ‘ইউ অ্যান্ড ইওর ব্রাদার’ গানের সঙ্গে চিরকুট ‘কানামাছি’ গানটির ফিউশন করে। গানটি ইউটিউবে দেওয়ার পর স্পটিফাই থেকে চিরকুটের সঙ্গে যোগাযোগ করা হয়। ইউরোপে চিরকুটের গান বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে আগ্রহী স্পটিফাই।
সফরের প্রস্তুতির ব্যাপারে ব্যান্ডের আরেক সদস্য পিন্টু বলেন, “প্রথম অ্যালবাম চিরকুটনামা ও দ্বিতীয় অ্যালবাম জাদুর শহরের গানগুলোই নতুন আঙ্গিকে গাইব আমরা। নতুন করে কম্পোজিশন করা হচ্ছে গানগুলোর।”
এ সফরের আগে ২০ সেপ্টেম্বর লাইভ স্কয়ার মিউজিকের আয়োজনে ‘রক নেশন’ এ অংশ নেবে চিরকুট। রক নেশনে খাজনা, কানামাছি, জাদুর শহর,বৃষ্টির গান, নিরানন্দ, বন্ধু -এ ছয়টি গান পরিবেশন করবেন বলে জানিয়েছেন সুমি।
রোজার ঈদে প্রকাশিত হয়েছে চিরকুটের দ্বিতীয় অ্যালবাম ‘জাদুর শহর’।
