২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনয়ে ফিরবেন মনীষা

দীর্ঘ ছয় মাস চিকিৎসার পর সুস্থ হয়ে ভারতে ফিরে বলিউডি অভিনেত্রী মনীষা কৈরালা জানালেন, ডিসেম্বরের পর আবারও চলচ্চিত্রে কাজ শুরু করবেন তিনি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2013, 05:26 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, দুই দিনব্যাপী এক ক্যান্সার সম্মেলনে বিষয়টি জানিয়েছেন মনীষা। কাঠমান্ডুতে অনুষ্ঠিত ওই সম্মেলনে তিনি বলেন, “আমি আপাতত বিশ্রাম নিচ্ছি। তবে আমি একজন শিল্পী এবং অভিনয় করতে ভালোবাসি। এখন অনেক প্রস্তাব পাচ্ছি কাজের। তাই কিছুদিন পর ভালো চিত্রনাট্য পেলে অভিনয়ে ফিরব আমি।”

৪৩ বছর বয়সী ওই অভিনেত্রী সম্মেলনটিতে নিজের অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, “অনেকে বলেন আমি ক্যান্সার থেকে আরোগ্য লাভ করেছি। তবে আমি মনে করি, আমি ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছি। ক্যান্সার মানেই আর মৃত্যু নয়- এটা এখন সবাইকে জানাতে হবে।”

মনীষা জানান, ক্রিকেটার যুবরাজ সিংয়ের ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ তাকে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, “আমি যখন চিকিৎসাধীন ছিলাম তখন আমার অনুপ্রেরণা জুগিয়েছেন ক্রিকেটার যুবরাজ সিং। তিনিও ক্যান্সারের সঙ্গে লড়াই করে জয়ী হয়েছেন।”