২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘তিনি ছিলেন নবাব, আমরা সেপাই’

সহকর্মীদের কারো কাছে তিনি গুরু, কারো কাছে আবার বড় ভাইয়ের মতো। তবে সবাই একবাক্যে বললেন, বাংলা চলচ্চিত্রের ‘মুকুটহীন নবাব’ হিসাবে দর্শকের মনে স্থান করে নেয়া আনোয়ার হোসেন শেষ পর্যন্ত ছিলেন সত্যিকারের একজন ভাল মানুষ।

জয়ন্ত সাহা

আশিক হোসেন ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2013, 04:58 PM

Updated : 13 Oct 2022, 02:57 PM

পুরনো খবর:

পর্দার নবাব আনোয়ার হোসেনের বিদায়
জাতি একজন দেশপ্রেমিককে হারালো: প্রধানমন্ত্রী
মানুষের মনে অমর থাকবেন আনোয়ার হোসেন: খালেদা

শুক্রবার এফডিসিতে আনোয়ার হোসেনের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তাকে এভাবেই স্মরণ করেন তার সহকর্মী, সহযোদ্ধারা। 

স্বাধীন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে নির্মিত ‘নবাব সিরাজউদ্দৌলা’ চলচ্চিত্রে মুখ্য চরিত্রে অভিনয় করে সেই ঊনিশশ ষাটের দশকেই আনোয়ার হোসেন হয়ে ওঠেন ‘বাংলা চলচ্চিত্রের মুকুটহীন নবাব’।  এরপর কয়েকশ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে সেই সাম্রাজ্য তিনি শাসন করেন প্রায় চার যুগ।    

বাঙালির স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে নির্মিত পরিচালক জহির রায়হানের বিখ্যাত চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’সহ বহু ছবিতে আনোয়ার হোসেনের সঙ্গে কাজ করেছেন নায়ক রাজ্জাক, দীর্ঘদিন জনপ্রিয়তার তুঙ্গে থাকায় দর্শক যাকে চেনে ‘নায়ক রাজ’ হিসাবে।

এফডিসিতে ‘নবাবের’ কফিনে ফুল দিয়ে ‘নায়ক রাজ’ বলেন, “তিনি শুধু নবাব নন, তিনি ছিলেন আমাদের বড় ভাই। যে কোনো চলচ্চিত্রের যে কোনো চরিত্রে তিনি ছিলেন প্রাণবন্ত। তিনি ছিলেন যোদ্ধা, আমরা সবাই তার সেপাই।”

অর্ধ শতকেরও বেশি সময় বাংলা চলচ্চিত্রে সরব পদচারণার পর বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই অভিনেতার। তার বয়স হয়েছিল ৮২ বছর।

আনোয়ার হোসেনের মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন। দেশের সাংস্কৃতিক অঙ্গনেরও নেমে এসেছে শোকের ছায়া।   

ভোরে আনোয়ার হোসেনের কফিন নিয়ে যাওয়া হয় তার কলাবাগানের বাসায়। চলচ্চিত্র অঙ্গনের অনেকেই এই অভিনেতাকে শেষবারের মতো দেখতে সেখানে ছুটে যান ।

আনোয়ার হোসেনের মেয়ে জিনাত হানাসান বলেন,তার বাবাকে যেভাবে মূল্যায়ন করা উচিৎ ছিল তা হয়নি। শেষ দিনগুলোতে  তার যে সহায়তা প্রয়োজন ছিল তাও তিনি পাননি।

তার মৃত্যুর পর এখন আনোয়ার হোসেনের স্মৃতি বাঁচিয়ে রাখার উদ্যোগ যাতে নেয়া হয়, সেই দাবিই সরকার ও সংশ্লিষ্টদের কাছে জানান।

শুক্রবার দুপুরে বায়তুল মোকাররম মসজিদে প্রথম জানাজা শেষে আনোয়ার হোসেনকে নেয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে।

সেখানে এই শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে এফডিসির মহাপরিচালক পিযূষ বন্দোপাধ্যায় বলেন, “আনোয়ার হোসেন বিশ্বাস করতেন, ভাল অভিনেতা হতে হলে সবার আগে একজন ভাল মানুষ হতে হয়। আমরা একজন ভাল মানুষকেও হারালাম।”

বর্ষীয়ান পরিচালক চাষী নজরুল ইসলাম বলেন, অভিনয় একটি সাধনা। আর আনোয়ার হোসেন সেই সাধনা করে গেছেন নিষ্ঠার সাথে।

“তিনি একজন ক্ষণজন্মা প্রতিভা। অভিনয়ে তার বাচনভঙ্গী, উচ্চারণ সব কিছুই ছিল সেরা। রূপালী পর্দার নবাব ছিলেন তিনি। আমি মনে করি তিনি এ উপমহাদেশের অন্যতম সেরা অভিনেতা ছিলেন।”

তবে আনোয়ার হোসেনের প্রতি শ্রদ্ধা জানানোর এই আয়োজনে নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের উপস্থিতি কম হওয়ায় আক্ষেপ ঝরে চাষী নজরুলের কণ্ঠে।

“আজ যেসব তরুণ অভিনয় করতে আসছে, তাদের বলব- আপনারা আনোয়ার হোসেনের অভিনয় দেখে শিক্ষা নিন।”

বাংলা চলচ্চিত্রের ‘শক্তিমান অভিনেতা’ প্রবীর মিত্র আনোয়ার হোসেনের সঙ্গে কাজের দিনগুলো স্মরণ করে বলেন, নতুনদের জন্য তিনি ছিলেন বড় ভাইয়ের মতো।

“তিনি আমার গুরু ছিলেন। চলচ্চিত্রের একটি নক্ষত্রের আজ পতন হলো। তার অভাব কোনো দিন পূরণ হবে কি না- আমার জানা নেই।”

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, “তার সঙ্গে আমার পরিচয় ৬০ এর দশকে, রুপালী পর্দার মাধ্যমে। এরকম শক্তিশালী অভিনেতা সব সময় জন্মায় না। তার তুলনা তিনি নিজেই। তার সময়ে তিনি কলকাতা, বম্বে আর লাহোরের চলচ্চিত্রের সাথে প্রতিযোগিতা করে নিজেকে দাঁড় করিয়েছেন। তিনি ক্রমাগত কেবল উপরেই উঠেছেন।”

এক শোক বার্তায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, “আনোয়ার হোসেনের মতো নিবেদিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ যুগে বিরল। তিনি বাংলা চলচ্চিত্র শিল্পকে অন্য মার্গে নিয়ে গেছেন।”

এই শিল্পীর অভিনয়কে বাঁচিয়ে রাখতে সরকার ও তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেয়ারও প্রতিশ্রুতি দেন মন্ত্রী।

অভিনেতা এটিএম শামসুজ্জামান, আলমগীর, উজ্জ্বল, মিশা সওদাগর, পরিচালক কাজী হায়াৎ, মো. হান্নান এ সময় উপস্থিত ছিলেন।

এফডিসিতে দ্বিতীয় জানাজার পর আনোয়ার হোসেনের কফিন নিয়ে যাওয়া হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। সেখানেই চিরনিদ্রায় শায়িত হন পর্দার এই নবাব।

আনোয়ার হোসেনের জন্ম ১৯৩১ সালে,  জামালপুরের সরুলিয়ায়। অভিনয়ে হাতেখড়ি স্কুল জীবনেই। ১৯৫৮ সালে ‘তোমার আমার’ চলচ্চিত্রের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি।

কাঁচের দেয়াল (১৯৬৩), বন্ধন (১৯৬৪), জীবন থেকে নেয়া (১৯৭০), রংবাজ (১৯৭৩), ধীরে বহে মেঘনা (১৯৭৩), রুপালী সৈকতে (১৯৭৭), নয়নমণি (১৯৭৭), নাগর দোলা (১৯৭৮), গোলাপী এখন ট্রেনে (১৯৭৮), সূর্য সংগ্রামের (১৯৭৯) মতো বহু চলচ্চিত্র আগামী প্রজন্মকে মনে করিয়ে দেবে পর্দার এই ‘নবাবের’ কথা।  

‘লাঠিয়াল’ চলচ্চিত্রের জন্য প্রথমবার জাতীয় পুরস্কার পাওয়া আনোয়ার হোসেন পরে আরো দুই বার এ পুরস্কার পান। ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা দেয়া হয় এই গুণী শিল্পীকে। বাংলা চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮৫ সালে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।