হ্যারিসন ফোর্ডকে হুমকি
ইন্দোনেশিয়াতে এক মন্ত্রীর সঙ্গে সাক্ষাতকে কেন্দ্র করে হুমকির শিকার হয়েছেন হলিউডি অভিনেতা হ্যারিসন ফোর্ড। হুমকি পেয়ে ওই দেশ ত্যাগ করেন তিনি।
কন্টাক্টমিউজিক জানিয়েছে, সম্প্রতি ইন্দোনেশিয়ার জাকার্তাতে দেশটির বনজ সম্পদবিষয়ক মন্ত্রী জুলকিফলি হাসানের সঙ্গে একটি বৈঠকে বসার কথা ছিল ফোর্ডের। কিন্তু মন্ত্রীর উপদেষ্টা অভিযোগ করেন, মন্ত্রী মহোদয়কে এই সাক্ষাতের ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে এরপরও তিনি ফোর্ডের প্রতিনিধিদের জন্য বিশেষ সাক্ষাতের ব্যবস্থা করেছিলেন।
উপদেষ্টা অ্যান্ডি আরিফ বলেন, “আমি খুবই অবাক হয়েছিলাম, যখন দেখলাম ফোর্ডের প্রতিনিধিরা হঠাৎ করে এসেই মন্ত্রীর ছবি তোলা শুরু করলেন; তাকে একের পর এক প্রশ্ন করে অপ্রস্তুত করে তুললেন। তার মতো একজন অভিনেতার কাছ থেকে আমরা অবশ্যই এমনটি আশা করি না।”
তিনি আরও বলেন, “একজন মন্ত্রীর কার্যালয়ে এসে এ ধরনের কর্মকা-ের জন্য ফোর্ড এবং তার প্রতিনিধি প্রত্যেককেই জবাবদিহি করতে হবে। যদি প্রয়োজন হয় আমরা তাদের ইন্দোনেশিয়া থেকে বের করে দেব।”
এ ঘটনার পর ১০ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে ইন্দোনেশিয়া ছেড়ে চলে যান ফোর্ড এবং তার প্রতিনিধিরা।
বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তনের উপর সচেতনতামূলক ডকুমেন্টারি ‘ইয়ারস অফ লিভিং ডেঞ্জারাসলি’ নির্মাণ করতে ইন্দোনেশিয়া গিয়েছিলেন হ্যারিসন ফোর্ড।
