গ্লোবাল ডাইভারসিটি অ্যাওয়ার্ড পেলেন অমিতাভ
চলতি বছর যুক্তরাজ্যের গ্লোবাল ডাইভারসিটি অ্যাওয়ার্ড জয় করেছেন বলিউডি সিনিয়র অভিনেতা অমিতাভ বচ্চন। ১১ সেপ্টেম্বর যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনে আয়োজিত অ্যাওয়ার্ড আসরে স্পিকার তার হাতে পদক তুলে দেন।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, অনুষ্ঠানের আগের দিন অ্যাওয়ার্ডের বিষয়ে বিগ বি তার ব্লগে পোস্ট করেন, “বুধবার অনেক বড় সম্মান পেতে চলেছি আমি। ব্রিটিশ স্পিকারের হাত থেকে গ্লোবাল ডাইভারসিটি অ্যাওয়ার্ড গ্রহণ করতে যাচ্ছি। এটি একটি অসাধারণ ব্যাপার।”
এর আগেও আন্তর্জাতিক মহলে সম্মানিত হয়েছেন অমিতাভ। ১৯৯৯ সালের জুলাই মাসে বিবিসির জরিপে মঞ্চ এবং রূপালি পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০০০ সালে লন্ডনের মাদাম তুঁসো জাদুঘরে তার মোমের প্রতিমূর্তি স্থাপিত হয়। ২০০৩ সালে ফ্রান্সের ডিউভিল শহরের নাগরিকত্ব পান তিনি।
এ পর্যন্ত ১৮০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন অমিতাভ। ২০০৭ সালে চলচ্চিত্রে তার অবদানের কারণে তকে ‘নাইট অফ লিজিওন’ সম্মানে ভূষিত করে ফরাসি সরকার। ২০১২ সালের ৩০ তম অলিম্পিক আসরে অলিম্পিকের মশালও বহন করেছিলেন ৭০ বছর বয়সী ওই অভিনেতা।
