আসছে ‘জুরাসিক ওয়ার্ল্ড’
‘জুরাসিক পার্ক’ সিরিজের চতুর্থ কিস্তি ‘জুরাসিক ওয়ার্ল্ড’ মুক্তি পাবে ২০১৫ সালের ১২ জুন।
২০০১ সালে মুক্তি পাওয়া ‘জুরাসিক পার্ক থ্রি’ সিনেমাটির কাহিনির ধারাবাহিকতা বজায় রেখে এবার মুক্তি পাবে ‘জুরাসিক ওয়ার্ল্ড’।
দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, আগের দুটি সিনেমায় প্রযোজকের পাশাপাশি পরিচালকের ভূমিকা পালন করলেও এবার শুধুমাত্র প্রযোজনা করবেন স্টিভেন স্পিলবার্গ। তার সঙ্গে আরও থাকবেন ফ্র্যাঙ্ক মার্শাল এবং প্যাট ক্রাউলি।
আর এবারের সিনেমাটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ‘সেফটি নট গ্যারান্টিড’ খ্যাত পরিচালক কলিন ট্রেভরোকে। চিত্রনাট্যকার ডেরেক কনোলির সঙ্গে মিলে তিনি লিখেছেন সিনেমার চিত্রনাট্য।
আর ভক্তদের অবগতির জন্য জানানো হয়েছে,এবারের সিনেমাটিও নির্মিত হচ্ছে সম্পূর্ণ থ্রিডিতে।
এর চাইতে বেশি কিছু জানা না গেলেও অনলাইনে শোনা যাচ্ছে বেশ কিছু গুঞ্জন। তার মধ্যে একটি হল, এবারের সিনেমাটি হয়তো ‘আইলা নুবলার’ দ্বীপে নির্মিত হবে, ঠিক যেখানে শুটিং হয়েছিল সিরিজটির প্রথম সিনেমা ‘জুরাসিক পার্ক’-এর। কেউ কেউ বলছেন, মূলত সেই আগের কাহিনিই পুননির্মাণ করার কথা ছিল কিন্তু পরিচালক কলিনের আগমনের পর পুরো চিত্রনাট্যটি বদলে ফেলা হয়েছে।
‘জুরাসিক ওয়ার্ল্ড’ সিনেমাটির শুটিং শুরু হয়েছে চলতি বছরের জুলাইতে, আর শেষ হবে ২০১৪ সালে। অনেকেই বলছেন, হয়তো সিনেমাটির মূল দুই অভিনেতা রিচার্ড অ্যাটেনবরো এবং জেফ গোল্ডবাম তাদের চরিত্র নিয়ে ফিরে আসবেন এবারের সিনেমাতে। তবে কোনো কিছুই এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
