২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেলুদা হতে পারেন আমির

সত্যজিৎ রায়ের সিনেমা ‘সোনার কেল্লা’ হিন্দি ভাষায় নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছেন পরিচালক সুজিত সরকার। আর যদি সবকিছু ঠিক থাকে, তবে ফেলুদার ভূমিকায় সুজিতের প্রথম পছন্দ হলেন বলিউডি অভিনেতা আমির খান।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 04:04 PM

Updated : 25 Apr 2022, 07:14 PM

টাইমস অফ ইন্ডিয়াকে সম্প্রতি সুজিত বলেন, “আশা করছি খুব শীঘ্রই কাজ শুরু করা যাবে। বাংলা চলচ্চিত্রে ‘সোনার কেল্লা’ সিনেমাটির রয়েছে আলাদা একটি স্থান। আমি চাই সিনেমাটি যেন নিজের গণ্ডি ছাড়িয়ে আরও অনেক দর্শকের কাছে পৌঁছে যাক। আমি সত্যজিৎ রায়ের ক্ল্যাসিক সিনেমাগুলো দেখে বড় হয়েছি। কিন্তু আমি তার সিরিয়াস ধরনের সিনেমায় হাত দিতে চাই না, সেগুলো রিমেক খুবই কঠিন হবে।”

‘মাদ্রাজ ক্যাফে’-খ্যাত পরিচালক সুজিত আরও বলেন, ফেলুদার বলিউডি এই সংস্করণের জন্য তার প্রথম পছন্দ হলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান।

সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি ফেলুদা প্রথম প্রকাশিত হয় কলকাতার শিশুতোষ পত্রিকা ‘সন্দেশ’-এ ১৯৬৫ সালে। বিভিন্ন রকম রহস্য সমাধানে ফেলুদার সঙ্গে থাকেন তার চাচাতো ভাই তপেস, যে ফেলুদার দেওয়া তোপসে নামেই বেশি পরিচিত। তাদের আরেকজন সঙ্গী হলেন লেখক লালমোহন গাঙ্গুলি, যার ছদ্মনাম জটায়ু।

জটায়ু চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে এখনও সন্দিহান সুজিত।

তবে সুজিত বলেন, “ভারতের সকল দর্শককে ফেলুদার কাহিনি জানানোর ব্যাপারটি খুবই মজার হবে। সত্যজিৎ রায়ের ক্ল্যাসিক থেকে তাদের কেন বঞ্চিত করব?”