আনন্দিত পরিনীতি
মুক্তির পরই দর্শকপ্রিয়তা অর্জন করেছে পরিনীতি চোপড়া অভিনীত সিনেমা ‘শুদ্ধ দেশি রোমান্স’। সিনেমার সাফল্যে দারুণ খুশি বলিউডি ওই অভিনেত্রী।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, পরিনীতি চিত্রনাট্য পড়ার সময়ই সিনেমাটি নিয়ে আশাবাদী ছিলেন।
তিনি বলেন, “আমি প্রথম যখন চিত্রনাট্য পড়ি, তখনই বুঝতে পেরেছিলাম সিনেমাটি যথেষ্ট দর্শকপ্রিয়তা অর্জন করবে। মনীষ শর্মা এবং আদিত্য চোপড়ার কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমাকে এ সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। ‘ইশাকজাদে’ সিনেমার পর ভিন্নধর্মী কিছুতে অভিনয় করতে চেয়েছিলাম আমি। আর ‘শুদ্ধ দেশি রোমান্স’ ওই ধরনেরই একটি সিনেমা।”
ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে ‘শুদ্ধ দেশি রোমান্স’ সিনেমাটি পরিচালনা করেছেন মনীষ শর্মা। পরিনীতির সঙ্গে সিনেমাটিতে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত এবং বাণী কাপুর।
মুক্তির আগে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছিলেন সিনেমাটি সম্পর্কে। এ বিষয়ে পরিনীতি বলেন, “একটি সিনেমা সম্পর্কে সবসময়ই মিশ্র মন্তব্য শোনা যায়। কখনও কোনো সিনেমাকে সবাই একসঙ্গে ভালো বলবেন না। প্রতিটি সমালোচকের দৃষ্টিভঙ্গি ভিন্ন হয়ে থাকে।”
