২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেখাকে এড়িয়ে গেলেন অমিতাভ

একটি জন্মদিনের পার্টিতে রেখার প্রবেশের পরপরই অনুষ্ঠান ছেড়ে চলে যান অমিতাভ বচ্চন।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 06:28 PM

Updated : 25 Apr 2022, 07:13 PM

রাকেশ রোশানের ৬৫তম জন্মদিন উপলক্ষে তার ছেলে হৃত্বিক রোশান একটি পার্টির আয়োজন করেন। সেখানে আমন্ত্রিত অতিথির মধ্যে ছিলেন বলিউডের সিনিয়র অভিনেত্রী রেখা এবং অভিনেতা অমিতাভ বচ্চন। তবে পার্টিতে রেখা আসার পরপরই তাকে এড়াতে পার্টি ত্যাগ করেন অমিতাভ।

মুম্বাই মিরর জানায়, পার্টিতে উপস্থিত ছিলেন জিতেন্দ্র, ঋষি কাপুর, ধর্মেন্দ্র, জুহি চাওলা এবং শাবানা আজমি। সাড়ে ১০টা নাগাদ অমিতাভ পার্টিতে উপস্থিত হন। তার আধঘণ্টা পর উপস্থিত হন রেখা। রেখা পার্টিতে প্রবেশের কিছুক্ষণ পরই পার্টি ছেড়ে চলে যান অমিতাভ।

উপস্থিত অতিথিরা জানান, সকলেই অমিতাভ এবং রেখাকে দেখছিলেন। তবে রেখা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার ১০ মিনিটের মধ্যেই পার্টি ছেড়ে চলে যান অমিতাভ। এমনকি তারা কুশল বিনিময়ও করেননি।

কিছুদিন আগে ফিরোজ নাদিয়াদওয়ালা তার পরবর্তী সিনেমা ‘ওয়েলকাম ব্যাক’-এ ওই দুই কিংবদন্তি শিল্পীকে নিয়ে কাজ করার পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে সাম্প্রতিক এই ঘটনার পর তারা আদৌ একসঙ্গে কাজ করবেন কি না তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

অন্যদিকে পার্টিতে অভিনেতা বিবেক ওবরয়ের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করেন অমিতাভ। বিবেকের সঙ্গে গল্পগুজব করে সময় কাটান তিনি। পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের সাবেক প্রেমিক বিবেকের সঙ্গে এর আগে কখনও এতটা ঘনিষ্টতা দেখাননি অমিতাভ।

উপস্থিত অতিথিরা বলেন, “অমিতাভ এবং বিবেক বেশ বন্ধুসুলভভাবেই একে অপরের সঙ্গে গল্প করেছেন পুরো সময়। তাদের এই ঘনিষ্টতা সকলকে বেশ অবাক করেছে। পার্টিতে অমিতাভ ৩০ মিনিটের মতো ছিলেন।”