জেনিফারের সঙ্গে টেইলর
গায়িকা জেনিফার লোপেজের সঙ্গে একটি গানে কণ্ঠ দেবেন টেইলর সুইফট। জেনিফারের অষ্টম স্টুডিও অ্যালবামে প্রকাশিত হবে গানটি।
ব্যাং শোবিজের খবর অনুযায়ী, অগাস্টে টেইলরের ‘রেড ট্যুরে’-এ একসঙ্গে গান গেয়েছিলেন জেনিফার এবং টেইলর। তাদের দুজনকে একসঙ্গে বেশ ভালোভাবেই গ্রহণ করেছিল ভক্তরা। তাই এবার নিজের অ্যালবামেও টেইলরের সঙ্গে গান গাইবেন জেনিফার।
ইউএস ম্যাগাজিন এক সূত্রের বরাতে জানিয়েছে, তারা দুজনই একে অপরের মহাভক্ত। আর একসঙ্গে কাজের সুযোগ পেয়ে খুবই উত্তেজিত তারা।
সম্প্রতি লস আঞ্জেলেসে অনুষ্ঠিত একটি কনসার্টে মঞ্চের পেছনে দাঁড়িয়ে একটি ছবি তুলে জেনিফার টেইলরকে উদ্দেশ্য করে বলেন, “আমার পরিবারকে তোমার পরিবারের সঙ্গে একাত্ম হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।”
তিনি বলেন, “টেইলর তোমাকে ধন্যবাদ, সময়টা এত সুন্দর করে দেওয়ার জন্য। ধন্যবাদ আমাকে আজ এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তোমার সঙ্গে মঞ্চ ভাগাভাগি করে নিতে পেরে আমি খুবই আনন্দিত। আমি শুধু কামনা করি, সবাই যেন তাদের জীবনের সেরা কনসার্টগুলো করতে পারে।”
নতুন এই অ্যালবামের জন্য গায়ক ক্রিস ব্রাউন এবং গায়িকা সিয়ার সঙ্গেও গান গাইবেন জেনিফার।
