বাচসাস পুরস্কার দশ অক্টোবর
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) গত চার বছরে মুক্তিপ্রাপ্ত সিনেমাসমূহের মধ্যে নির্বাচিত সেরা সিনেমাগুলোকে পুরস্কার প্রদান করবে ১০ অক্টোবর। মিরপুর জাতীয় ইনডোর স্টেডিয়ামে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। ৮ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নানা কারণে বিরতির পর আবার শুরু হতে যাচ্ছে বাচসাস চলচ্চিত্র পুরস্কার। এবার একই সঙ্গে ২০০৯, ২০১০, ২০১১ ও ২০১২ সালের পুরস্কার প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে বিশাল পরিমণ্ডলে। এবারকার এই আয়োজন হবে বর্ণাঢ্য এবং বৈচিত্র্যে পরিপূর্ণ।
আয়োজনের নানা দিক নিয়ে বাচসাস সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক ইকবাল করিম নিশান বক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন বাচসাস চলচ্চিত্র পুরস্কারের জুরিমণ্ডলীর চেয়ারম্যান চিন্ময় মুৎসুদ্দী এবং পুরস্কার আয়োজনের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ফ্রন্টিয়া প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মো.ওয়াহিদ হোসেন।
