২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সামারা’ নিয়ে আশাবাদী এটিএম

ঢাকাই হরর সিনেমা ‘দ্য স্টোরি অফ সামারা’র প্রথম লটের শুটিং শেষ হয়েছে ৮ সেপ্টেম্বর। এ পর্যায়ে সিনেমার ৩৫ শতাংশ শুটিং শেষ হয়েছে বলে জানান এর পরিচালক রিকিয়া মাসুদো।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 04:02 PM

Updated : 13 Oct 2022, 02:57 PM

এদিকে অভিনেতা এটিএম শামসুজ্জামান সিনেমাটির সাফল্য সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছেন। সেই সঙ্গে তিনি দেশীয় সিনেমায় সুদিন ফিরছে বলে মন্তব্য করেছেন।

এটিএম শামসুজ্জামান গ্লিটজকে বলেন, “দেশের চলচ্চিত্র সাম্প্রতিক সংকট থেকে বেরিয়ে আসছে। দ্য স্টোরি অব সামারায় অভিনয় করতে গিয়ে সেটা আরও ভালোভাবে বুঝতে পারছি। নতুন কনসেপ্ট, নতুন প্রযুক্তি দিয়ে সিনেমাটি নির্মাণ হচ্ছে।”

সিনেমাটিতে এবারের শুটিংয়ে আরও অংশ নিয়েছেন চিত্রলেখা গুহ, কাবিলা, পিয়া, সাঞ্জু, শিবা, শ্রুতি ও আমান খানসহ আরও বেশ কয়েকজন শিল্পী। ২৪ অগাস্ট থেকে শুরু হয়ে ৮ সেপ্টেম্বর পর্যন্ত টানা শুটিং হয়েছে বলে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ভারটেক্স জানিয়েছে।

বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি পরিচালক রিকিয়া মাসুদো জানিয়েছেন, এর আগে তিনি বাংলাদেশের কোনো চলচ্চিত্র পরিচালনা করেননি। দীর্ঘদিন ধরে তিনি জাপানে চলচ্চিত্র নির্মাণ করেছেন।

সিনেমার প্রথম লটের কাজ সম্পর্কে তিনি বলেন, “কাজটি উপভোগ করছি। এতদিন জাপানে বিদেশি সংস্কৃতি নিয়ে কাজ করেছি। এবার নিজের দেশের সংস্কৃতি নিয়ে কাজ করতে পারছি। এক ধরনের আত্মতৃপ্তি তো রয়েছে। আমার এতদিনের অভিজ্ঞতা দিয়ে সিনেমাটি এ দেশের দর্শকের উপভোগ্য করে তোলার চেষ্টা করছি। আশা করছি সফল হব।’

নির্মাতা সূত্রে জানা গেছে, চলতি মাসের শেষের দিকে শুরু হবে ‘দ্য স্টোরি অব সামারা’র দ্বিতীয় লটের কাজ। এ পর্যায়ে কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও সেন্ট মার্টিনে টানা দশদিন শুটিং হবে।