সঙ্গীর খোঁজে মল্লিকা
বলিউডি অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত এবার জীবনসঙ্গীর খোঁজে অংশ নিচ্ছেন একটি টিভি রিয়েলিটি শোতে। ‘দ্য ব্যাচেলরেট ইন্ডিয়া-খায়ালো কি মালিকা’-এর মাধ্যমে ৩০ জন প্রতিযোগীর মধ্য থেকে নিজের যোগ্য পাত্রকে খুঁজে নেবেন তিনি।
শোটির ট্রেইলার লঞ্চ অনুষ্ঠানে সম্প্রতি এ বিষয়ে কথা বলেন মল্লিকা। এর আগে টুইটারে এক পোস্টে তিনি জানান, “আমি দারুণ উত্তেজিত। উদয়পুরে ‘দ্য ব্যাচেলরেট ইন্ডিয়া’-এর প্রথম প্রচারণার কাজে যাচ্ছি এখন।”
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, উত্তর প্রদেশে অবস্থিত ফতেহ গড় দুর্গে আয়োজন করা হয় আন্তর্জাতিক টিভি শো ‘দ্য ব্যাচেলর’ অবলম্বনে নির্মিত ডেটিংভিত্তিক রিয়েলিটি শোটির ট্রেইলার লঞ্চ অনুষ্ঠান। অনুষ্ঠানে মল্লিকার পরনে ছিল লাল রংয়ের একটি গাউন। ফুল এবং মোমবাতি দিয়ে সজ্জিত হোটেলটিতে মল্লিকা শোর উদ্বোধন করেন।
শোটির মাধ্যমে মল্লিকা ৩০ জন প্রতিযোগীর মধ্য থেকে তার পছন্দসই একজনকে বেছে নেবেন। শোটির লঞ্চ পার্টি হোস্ট করেন অভিনেতা রোহিত রয়। প্রথম লঞ্চ পার্টিতে ৩০ জনের মধ্যে ১৫ জন প্রতিযোগীকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
