ঢাকায় থ্রিডি ‘জুরাসিক পার্ক’
এবার ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে বিশ্বজুড়ে আলোড়ন তোলা সিনেমা ‘জুরাসিক পার্ক’-এর থ্রিডি ভার্সন। ৬ সেপ্টেম্বর থেকে সিনেমাটি বসুন্ধরা সিটির সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে।
এ বিষয়ে সিনেপ্লেক্সের বিপণন ও জনসংযোগ কর্মকর্তা মেহবাহ উদ্দীন আহমেদ বলেন, “অন্যান্য সিনেমার পাশাপাশি এটি শুক্রবার থেকে আমাদের থ্রি-ডি হলে প্রদর্শিত হবে।”
‘জুরাসিক পার্ক’ সিরিজের সর্বশেষ সিনেমাটি এক যুগ আগে দেখেছিল দর্শক। ৬৫ মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া অতিপ্রাকৃত ডাইনোসর ও তাদের ভয়াবহতা নিয়ে ১৯৯৩ সালে স্টিভেন স্পিলবার্গ নির্মাণ করেন বৈজ্ঞানিক কল্পকাহিনি-নির্ভর সিনেমা ‘জুরাসিক পার্ক’। অস্কারের ৬৬তম আসরে চারটি শাখায় পুরস্কার পায় এ সিনেমা।
দুই দশক পূর্তিতে ওই সিনেমা ১০ মিলিয়ন ডলার খরচ করে ত্রিমাত্রিকপ্রযুক্তিতে মুক্তি দেওয়া হয়েছে এ বছর। মুক্তির প্রথম সপ্তাহে উত্তর আমেরিকার বক্স অফিসের শীর্ষ পাঁচে জায়গা করে নেয় এটি। ভিজুয়্যাল ইফেক্টস ব্যবহারের ক্ষেত্রে ‘জুরাসিক পার্ক’ বিশ্ব চলচ্চিত্রে একটি মাইলফলক হয়ে আছে। কম্পিউটারের মাধ্যমে কৃত্রিম চিত্র তৈরির ক্ষেত্রে সিনেমাটি এক নতুন মাত্রা যোগ করেছে। এর অ্যানিমেশন ও ইফেক্ট প্রশংসিত হয়েছে। স্টিভেন স্পিলবার্গ ‘জুরাসিক পার্ক’-এর ভাবনা পেয়েছিলেন মাইকেল ক্রিচটনের একই নামের উপন্যাস থেকে।
১৯৯৩ সালে এ সিরিজের প্রথম সিনেমা মুক্তি পায়। ক্লোন পদ্ধতিতে তৈরি করা ডাইনোসরের মাধ্যমে বিজ্ঞানীরা আইলা নুবলার দ্বীপে একটি বিনোদন পার্ক গড়ে তোলেন। আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পূর্বে জন হ্যামন্ড কয়েকজন বিজ্ঞানীকে পার্ক পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান। তারা দ্বীপে এসে ডাইনোসর দেখে বিস্মিত হন। কিন্তু ষড়যন্ত্রের কারণে কিছু ডাইনোসর বিদ্যুৎবেষ্টিত খাঁচা ভেদ করে বাইরে চলে আসে। বিজ্ঞানী ও কলাকুশলীরা ডাইনোসরের হাত থেকে বাঁচার জন্য দ্বীপ থেকে পালানোর চেষ্টা করেন। এরকম গল্প নিয়েই জুরাসিক পার্কের কাহিনি গড়ে উঠেছে।
সিনেমাটিতে অভিনয় করেছেন স্যাম নেইল, লরা ডার্ন ও জেফ গোল্ডব্লাম। এটি মোট আয় করেছে ৯২১ মিলিয়ন মার্কিন ডলার। সে সময় পর্যন্ত সর্বকালের সবচেয়ে বেশি উপার্জনকারী সিনেমা ছিল এটি। বর্তমানে আয়ের দিক দিয়ে এর স্থান দশম। আর ‘জুরাসিক পার্ক’ সিরিজের তিনটি সিনেমার মোট আয় ১.৯ বিলিয়ন ডলার। প্রথম দুটির পরিচালক স্পিলবার্গ হলেও ২০০১ সালে মুক্তি পাওয়া ‘জুরাসিক পার্ক থ্রি’ পরিচালনা করেন জো জনস্টন। সম্প্রতি সিনেমাটির চতুর্থ কিস্তির মুক্তির তারিখ ঘোষণা করেছে ইউনিভার্সেল স্টুডিও। এবারও পরিচালকের আসনে থাকবেন না স্পিলবার্গ। ২০১৪ সালের ১৩ জুন মুক্তি পাবে ‘জুরাসিক পার্ক- ৪’। এদিকে ‘জুরাসিক পার্ক’ সিরিজের অন্য দুটি ছবিও ত্রিমাত্রিক প্রযুক্তিতে রূপান্তরের কাজ চলছে।
