সত্যের জন্য সত্যাগ্রহ
দুঃখজনক হলেও সত্য, আমরা এমন এক বিশ্বে বাস করি যেখানে প্রতিটি ক্ষেত্রই দুর্নীতির করাল গ্রাসে জর্জরিত। একদল ক্ষমতালোভী রাজনীতিবিদের হাতে জিম্মি সাধারণ মানুষ প্রতিনিয়ত হচ্ছে শোষণের শিকার। যুগ যুগ ধরে নিপীড়িত আর নিষ্পেষিত এই সাধারণ মানুষের অধিকার আদায়ের চেষ্টা করেছেন অনেকেই। হয়েছে অনেক রক্তক্ষয়ী যুদ্ধ, বিশ্ব হারিয়েছে অনেক তাজা প্রাণ। কিন্তু রক্তপাত যে কোনো সমাধান নয়, তা প্রমাণ করেছেন মহাত্মা গান্ধী।
ভারতীয় উপমহাদেশের এই মহান নেতা প্রবর্তন করেছিলেন এমন এক অহিংস আন্দোলনের, যার মাধ্যমে তিনি দেখিয়ে দিয়েছিলেন ভালোবাসা এবং ত্যাগের মাধ্যমে সত্য প্রতিষ্ঠা করা সম্ভব। গান্ধীর প্রবর্তিত এই সত্যাগ্রহ আন্দোলন প্রভাবিত করেছে আরও অনেককে। মহাত্মা গান্ধীর দেখানো পথে হেঁটেছেন মার্টিন লুথার কিং এবং নেলসন ম্যান্ডেলার মতো শান্তিপ্রিয় নেতা। আর গান্ধীর এই মতাদর্শ এবার রূপালি পর্দায় তুলে ধরেছেন পরিচালক প্রকাশ ঝা, তার নতুন সিনেমা ‘সত্যাগ্রহ-এর মধ্য দিয়ে।
পরিচালক প্রকাশ ঝা বরাবরই তার সিনেমার মধ্য দিয়ে একটি বিষয় তুলে ধরার চেষ্টা করেন; আর তা হল সমাজের দুর্নীতিগ্রস্ত দিক। ঝার নির্মিত সিনেমাগুলো বেশিরভাগই আমাদের চোখের সামনে সমাজব্যবস্থার সেই দিকগুলো তুলে ধরে, যেগুলো আমরা দেখেও দেখি না। তার সাম্প্রতিক কাজ, অর্থাৎ ‘রাজনীতি’ এবং ‘অরক্ষণ’ প্রতিটি সিনেমাতেই তিনি দেখিয়েছেন আমাদের চারপাশের নির্মম বাস্তবতা। আর প্রকাশের এবারের কিস্তি, ‘সত্যাগ্রহ’ হল একজন সাধারণ মানুষের লড়াইয়ের কাহিনি, শোষণকে ‘না’ বলার কাহিনি।
‘রাজনীতি’ সিনেমাটির মতো আরও একবার প্রকাশ ঝা নোংরা রাজনীতির মুখোশ খুলে দিয়েছেন। তবে এবার একটু ভিন্ন কায়দায়। ‘সত্যাগ্রহ’ সিনেমাটিতে কোনো নির্দিষ্ট রাজনীতিবিদের পক্ষে কিংবা বিপক্ষে কথা বলা হয়নি, কিন্তু এমন কিছু বিষয় উঠে এসেছে যেগুলো সাম্প্রতিক সময়ে ভারতে ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছিল। ‘সত্যাগ্রহ’-এর কাহিনিতে আমরা দেখতে পাই আন্না হাজারের আন্দোলনের একটি প্রতিচ্ছবি। সাম্প্রতিক সময়ে ভারতের টেলিযোগাযোগ ক্ষেত্রে বহুল আলোচিত দুর্নীতির বিষয়টিও সিনেমায় তুলে ধরেন ঝা। সেইসঙ্গে আরও দেখা গেছে আন্দোলনরত মানুষের উপর পুলিশের অতর্কিত হামলার নির্মম চিত্র, যা সম্পূর্ণ বাস্তব।
‘সত্যাগ্রহ’তে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, যিনি সততার সঙ্গে গান্ধীর আদর্শ নিয়ে জীবনযাপন করেন। নিজের একমাত্র পুত্রকে হারিয়ে তিনি এমন কিছু বাস্তবতার সম্মুখীন হন,যা তাকে বাধ্য করে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে।
প্রকাশ ঝার সর্বশেষ সিনেমা ‘অরক্ষণ’ বক্স অফিসে মার খেয়ে গেলেও সিনেমাটিতে অমিতাভের অভিনয় হয়েছিল ব্যাপক প্রশংসিত। আর এবারও পলিটিকাল থ্রিলার সত্যাগ্রহতে প্রধান চরিত্রে বাস্তবধর্মী অভিনয় করে অমিতাভ কেড়ে নিয়েছেন দর্শকের মনোযোগ।
সিনেমাটিতে অমিতাভের ছেলের বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন। যিনি তার বন্ধুর বৃদ্ধ বাবা এবং বিধবা পত্নীর (অমৃতা রাও) পাশে দাঁড়ান এবং দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। ‘রাজনীতি’ সিনেমাটিতে দুর্দান্ত অভিনয়ের পর আরও একবার মফস্বলের টগবগে এক প্রতিবাদী যুবকের ভূমিকায় দেখা গেছে অজয়কে।
‘সত্যাগ্রহ’ সিনেমাটির তৃতীয় প্রধান চরিত্র হলেন ইয়াসমিন আহমেদ। এই চরিত্রে অভিনয় করেছেন কারিনা কাপুর খান। সিনেমায় তাকে দেখা যায় অজয়ের প্রেমিকা হিসেবে। একটি কথা এখানে না বললেই নয়, প্রকাশ ঝা তার সিনেমায় বলিউডের লাস্যময়ী সুন্দরীদের দিয়ে এমন কিছু চরিত্রে অভিনয় করান, যেগুলো তাদের কোমল এবং গ্ল্যামারাস ইমেজ ভেঙে একজন শক্তিশালী নারীতে পরিণত করে।
কারিনার ক্ষেত্রেও ব্যাতিক্রম ঘটেনি। ‘সত্যাগ্রহ’তে নিজের গ্ল্যামারাস ইমেজ পেছনে ফেলে একজন সাহসী রাজনৈতিক সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন কারিনা। একজন সাংবাদিকদের ভূমিকায় মেকআপ ছাড়া তার চমৎকার অভিনয় ইতোমধ্যেই ব্যাপক আলোচিত হয়েছে।
‘সত্যাগ্রহ’তে আরও অভিনয় করেছেন বলিউডের অন্যতম গুণী অভিনেতা অর্জুন রামপাল এবং মনোজ বাজপায়ি। যাদের অসাধারণ অভিনয় যে কোনো সিনেমাতে আলাদা গাম্ভীর্য এনে দিতে স¶ম। সমালোচকদের মতানুসারে, চরিত্রের সঙ্গে সঠিক বিচার করতে পেরেছেন প্রত্যেক কলাকুশলীই। তবে অভিনেত্রী অমৃতা রাওর অভিনয়কে কিছুটা হতাশাব্যাঞ্জক বলে মনে করছেন কেউ কেউ।
সৃজনশীল পরিচালক প্রকাশ ঝা বরাবরই বলিউডকে উপহার দিয়েছেন মনে রাখার মতো একেকটি সিনেমা। দর্শকের সমর্থন হয়তো বা সবসময় পাওয়া যায়নি, কিন্তু প্রকাশ ঝার সিনেমাগুলোকে সমালোচকদের কেউই কখনও পাঁচের মধ্যে তিন তারকার কম দেননি। আর পলিটিকাল থ্রিলার ক্যাটাগরিতে অন্য সকলের চেয়ে বেশি ভালোভাবে হাত পাকিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই পরিচালক। সেই অভিজ্ঞতার ঝুলিতে এবার যোগ হল ‘সত্যাগ্রহ’। বলিউড হাঙ্গামার সমালোচক তরুণ আদর্শ ‘সত্যাগ্রহ’কে দিয়েছেন চার তারকা। এদিকে টাইমস অফ ইন্ডিয়া এবং এনডিটিভির সমালোচকরা বলছেন, সিনেমা হিসেবে যথেষ্ট ভালো হলেও সামাজিকভাবে কোনো বার্তা পৌঁছাতে পারেনি ‘সত্যাগ্রহ’। আর জি মিডিয়া ব্যুরো বিশেষভাবে সিনেমাটির সংগীতকে হতাশাজনক বলে দাবি করেছে।
সমালোচকরা সিনেমাটির ভুলত্রুটি ধরিয়ে নিজেদের দায়িত্ব যথাযথভাবেই পালন করেছেন। কিন্তু দর্শকের কাছে কেমন লাগছে ‘সত্যাগ্রহ’? ভারতের বর্তমান অবস্থা এবং বিশ্বের সাম্প্রতিক ঘটনাবলি বিবেচনা করলে বলা যেতে পারে, এমন একটি সিনেমা মুক্তি দেওয়ার জন্য এর চেয়ে ভালো সময় আর হতে পারে না। ফেইসবুক টুইটারের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে সচেতন নাগরিকদের অনেকেই সমর্থন জানিয়েছেন ‘সত্যাগ্রহ’কে। বিশেষ করে সিনেমাটির কাহিনি ভালো লেগেছে অনেকেরই।
সর্বমোট সাতটি গান রয়েছে এই সিনেমাতে। সংগীত পরিচালক দুভাই সেলিম-সোলায়মান মার্চেন্টের সংগীতে এবার ফুটে উঠেছে প্রতিবাদ এবং পরিবর্তনের সুর। ‘রঘুপতি রাঘব’ ভজনটির নতুন ধরনের স্বাদ পাওয়া যাবে ‘সত্যাগ্রহ’তে। আরও রয়েছে দুটি রিমিক্স গান।
এবার আসা যাক বক্স অফিস প্রসঙ্গে। ৩০ অগাস্ট মুক্তি পাওয়া ‘সত্যাগ্রহ’ প্রথম দিনে আয় করেছে ১১ কোটি ২১ লাখ রূপি। প্রকাশ ঝা নির্মিত সকল সিনেমার মধ্যে এখন পর্যন্ত বক্স অফিসে সবচেয়ে ভালো আয় করছে ‘সত্যাগ্রহ’। বলিউড হাঙ্গামার দেওয়া তথ্য অনুযায়ী, মুক্তির পর ৬ষ্ঠ দিনে অর্থাৎ ৪ সেপ্টেম্বর পর্যন্ত ‘সত্যাগ্রহ’ শুধুমাত্র ভারতে আয় করেছে ৫০ কোটি ১৯ লাখ রুপি। এর মধ্যেই অভিনেতা জন আব্রাহামের অন্যতম পলিটিকাল থ্রিলার ‘মাদ্রাজ ক্যাফে’কে হার মানিয়ে তালিকায় উপরে উঠে এসেছে ‘সত্যাগ্রহ’। তবে সপ্তাহ শেষ হলেই বোঝা যাবে স্রোত কোনদিকে মোড় নিচ্ছে।
সর্বোপরি বিচার করতে গেলে, ‘সত্যাগ্রহ’ মূলত সেই ধরনের দর্শকদের জন্য নির্মিত একটি সিনেমা যারা দেশ ও জাতিকে নিয়ে ভাবেন। প্রকাশ ঝা বরাবরের মতো এবারও তার সিনেমার মাধ্যমে মানুষকে শুধুমাত্র বিনোদন দিতে চাননি। বরং সমাজব্যবস্থা এবং পারিপার্শ্বিকতা সম্পর্কে নিজের সচেতন মনোভাব ফুটিয়ে তুলতে চেয়েছেন। তিনি তার সৃজনশীলতা ব্যবহার করে সাধারণ মানুষের বিবেককে জাগ্রত করে তোলার প্রয়াস চালিয়েছেন। তবে যারা বিনোদনের খোরাক হিসেবে সিনেমা দেখেন, তাদের জন্য ‘সত্যাগ্রহ’ কিছুটা একঘেয়ে মনে হতে পারে।
