২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াসে দীপিকা

হলিউডের অ্যাকশন মুভি ‘ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’-এর সপ্তম পর্বে এবার অভিনয় করবেন বলিউডি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2013, 05:18 PM

Updated : 25 Apr 2022, 07:12 PM

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, কঙ্গনা রানাউত এবং চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে এই বিশেষ চরিত্রটির জন্য স্ক্রিন টেস্ট দেওয়ার পর অবশেষে সুযোগটি পেয়েছেন দীপিকা।

‘ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’-এর অভিনেতা ভিন ডিজেলের পাশাপাশি এবারের সিনেমাতে থাকবেন হলিউডের অভিনেতা জেসন স্টাথাম এবং ডিয়ানে জনসন। আর দীপিকা অভিনয় করবেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।

সিনেমাটি ২০১৪ সালে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

এরই মধ্যে হলিউডের প্রতিনিধির সঙ্গে ছয় মাসের জন্য কাগজে-কলমে চুক্তিবদ্ধ হয়েছেন দীপিকা। তবে এ বিষয়ে দীপিকা কিংবা তার কোনো প্রতিনিধি কিছুই জানাতে রাজি হননি।

বলিউডি অভিনেত্রীদের মধ্য থেকে একজনকে বেছে নেওয়ার সময় হলিউডি প্রতিনিধিরা জানিয়েছিলেন তারা এমন কাউকে খুঁজছেন, যে হবে দীপিকা পাড়ুকোনের মতো। আর চরিত্রটির জন্য অডিশন দেওয়ার সময় দীপিকাই ছিলেন প্রথম।

বলিউডি শিল্পীদের মধ্যে আরও অনেকেই এর আগে পশ্চিমা মিডিয়াতে কাজ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন টাবু (দ্য নেইমসেক, লাইফ অফ পাই), ইরফান খান (দ্য নেইমসেক, দ্য আমেজিং স্পাইডার ম্যান, লাইফ অফ পাই)। আরও রয়েছেন অমিতাভ বচ্চন, ‘দ্য গ্রেট গ্যাটসবি’ সিনেমাতে তিনি অভিনয় করেছেন নেতিবাচক চরিত্রে। রয়েছেন অভিনেতা কবীর বেদী, ওম পুরি, অমরেশ পুরি, অনিল কাপুর, নাসিরুদ্দিন শাহ এবং অনুপম খের। আর অভিনেত্রীদের মধ্যে রয়েছেন শাবানা আজমি এবং ঐশ্বরিয়া রাই। ঐশ্বরিয়া এ পর্যন্ত চারটি হলিউডি সিনেমায় অভিনয় করেছেন, যেগুলো হল ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’, ‘মিস্ট্রেস অফ স্পাইসেস’, ‘দ্য পিঙ্ক প্যান্থার টু’ এবং ‘প্রভোকড’।