সন্তোষীর সিনেমায় অনিল
রাজকুমার সন্তোষী পরিচালিত নতুন একটি সিনেমায় অভিনয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে বলিউডি অভিনেতা অনিল কাপুরের নাম।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, সিনেমাটির কাহিনি গড়ে উঠবে ১৯৪৭ সালে উপমহাদেশের বিভাজনকে কেন্দ্র করে।
দেশবিভাগের উপর নির্মিতব্য এই ড্রামা ধাঁচের সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করবেন অনিল কাপুর।
এ বিষয়ে সন্তোষী বলেন, “আমি ১৯৪৭ সালে উপমহাদেশ বিভাজনের উপর ভিত্তি করে একটি সিনেমা তৈরি করছি। এটি খুবই নাটকীয় ধাঁচের সিনেমা হবে। সিনেমাটিতে কারা কাজ করবেন এ বিষয়ে এখনই কোনো কিছু বলা সম্ভব নয়, তবে অনিল কাপুর থাকবেন একটি শক্তিশালী চরিত্রে।”
তবে অনিলের চরিত্রটি কেমন হবে সে বিষয়ে কিছু জানাতে রাজি হননি সন্তোষী।
জানা গেছে, মঞ্চনাটক ‘জিস লহরে নেহি দেখা ও জামিয়া হি নেহি’ থেকে নেওয়া হবে সিনেমার মূল কাহিনি।
সিনেমার কাহিনি বিষয়ে সন্তোষী বলেন, “সিনেমাটি বিশ্বকে একটি বার্তা পাঠাবে। কঠিন সময়গুলোতে কীভাবে নিজেকে ধরে রাখতে হয় সে সম্পর্কে বিশ্ববাসীকে জানাবে সিনেমাটি।”
সন্তোষী বর্তমানে তার পরিচালিত নতুন সিনেমা ‘ফাটা পোস্টার নিকলা হিরো’-র মুক্তির অপেক্ষায় রয়েছেন। সিনেমাটিতে অভিনয় করেছেন শাহিদ কাপুর এবং ইলিয়ানা ডি ক্রুজ। এটি মুক্তি পাবে ২০ সেপ্টেম্বর।
অনিল কাপুরের সঙ্গে এর আগেও বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন রাজকুমার সন্তোষী। এর মধ্যে রয়েছে ২০০০ সালের সিনেমা ‘পুকার’ এবং ২০০১ সালে মুক্তি পাওয়া ‘লজ্জা’।
