আন্দাজ আপনা আপনা সিকুয়েলে রণবীর-শাহিদ
মূল সিনেমাটিতে প্রধান দুই চরিত্র অমর ও প্রেম-এর ভূমিকায় ছিলেন বলিউডি দুই খান-- আমির এবং সালমান; ‘আন্দাজ আপনা আপনা টু’-তে এবার নাকি দেখা দুই কাপুরকে।
পরিচালক রাজকুমার সন্তোষী এ সময়ের দুই অভিনেতা রণবীর কাপুর এবং শাহিদ কাপুরকে নিয়েই নাকি তৈরি করতে চলেছেন ১৯৯৪ সালের ওই ক্ল্যাসিক কমেডির সিকুয়েল।
মুম্বাই মিরর জানিয়েছে, রাজকুমার সন্তোষী পরিচালিত এবং শাহিদ কাপুর-ইলিয়েনা ডি ক্রুজ অভিনীত ‘ফাটা পেস্টার নিকলা হিরো’ সিনেমাটি এখন রয়েছে মুক্তির অপেক্ষায়। আর তাই ‘আন্দাজ আপনা আপনা’-র সিকুয়েল নিয়ে এখনই মাঠে নামতে প্রস্তুত রাজকুমার। প্রথমদিকে সিনেমাটিতে আমির-সালমানের অভিনয়ের কথা শোনা গেলেও এখন তিনি চিন্তা করছেন এ সময়ের উপযোগী একটি গল্পকাঠামো নিয়েই কাজ করার কথা। এক্ষেত্রে অমর ও প্রেম চরিত্রে তার প্রথম পছন্দ রণবীর ও শাহিদ।
কেবল নতুন গল্পকাঠামোই নয়, আমির এবং সালমানের শিডিউল মেলাতে না পারার ব্যাপারটিও নাকি রাজকুমারকে ভাবিয়েছে নতুন অভিনেতা নির্বাচনের ব্যাপারে। বিষয়টি নিয়ে সূত্র বলেছে, “রাজুজি চাইছিলেন আমির-সালমানকে দিয়েই এই সিকুয়েলে অভিনয় করাতে। তবে ওই দুই তারকার শিডিউল মেলানো এখন প্রায় অসম্ভব একটি ব্যাপার হয়ে পড়ায়, তিনি চিন্তা করছেন নতুন কোনো অভিনেতার ব্যাপারে। এক্ষেত্রে তার প্রথম পছন্দ রণবীর-শাহিদ; কারণ এ সময়ের অভিনেতাদের মধ্যে দুজনই বলিউডে বেশ জনপ্রিয়।”
‘ফাটা পেস্টার নিকলা হিরো’-র সেটেই নাকি এ ব্যাপারে শাহিদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেন রাজকুমার। সে সময় শাহিদও এ ব্যাপারে যথেষ্ট আগ্রহ দেখিয়েছেন বলে জানা যায়। ওদিকে ‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমায় রণবীরের সঙ্গে কাজের অভিজ্ঞতা হয় রাজকুমারের। আর তাই দ্বিতীয় প্রধান চরিত্রের জন্য তাকেই ভেবে রেখেছেন তিনি, সূত্র জানিয়েছে এমনটাই।
তবে বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে রাজি নন রাজকুমার। এ ব্যাপারে তার কাছে জানতে চাওয়া হলে মুম্বাই মিররকে তিনি বলেন, “আমি এখনও সিনেমাটির চিত্রনাট্য গোছানোর কাজে ব্যস্ত আছি। আর তাই অভিনেতাদের নিয়ে কথা বলাটা এখনই ঠিক হবে না। ‘আন্দাজ আপনা আপনা টু’-এর শিল্পীদের নিয়ে এখনই তাই কোনো মন্তব্য করছি না।”
