শিলং চেম্বার কয়্যার ঢাকায়
দুটি কনসার্ট করার উদ্দেশে ঢাকায় আসছে ভারতীয় সংগীত দল শিলং চেম্বার কয়্যার। প্রথম কনসার্ট হবে ঢাকায় ৬ সেপ্টেম্বর এবং দ্বিতীয় কনসার্ট হবে সিলেটে ৮ সেপ্টেম্বর। যৌথভাবে কনসার্ট দুটি আয়োজন করছে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ঢাকার ইন্দিরা গান্ধী কালাচারাল সেন্টার (আইজিসিসি)।
আয়োজন সম্পর্কে আইজিসিসি জানিয়েছে, ঈদ পরবর্তী আনন্দ উদযাপনের উদ্দেশ্যে কনসার্ট আয়োজন করা হচ্ছে। ২৫ সদস্যবিশিষ্ট দলটি ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংকেন্দ্রিক। নংকিনরিহের নেতৃত্বে ১৫ কণ্ঠশিল্পী ও ১০ যন্ত্রশিল্পীর সমন্বয়ে দলটি গঠিত। নংকিনরিহ নিজে একজন পিয়ানিস্ট।
শিলং চেম্বার কয়্যার দলটি পাশ্চাত্য উচ্চাঙ্গসংগীতসহ রক মিউজিক এবং খাসিয়া লোকসংগীত পরিবেশন করে। দলটি বাংলা ও হিন্দি ভাষায় প্রচলিত ধারার সংগীতের পাশাপাশি অপেরাও পরিবেশন করে।
কনসার্ট দুটি সবার জন্য উন্মুক্ত তবে মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে অথবা অনলাইনে সরাসরি ই-টিকিট সংগ্রহের জন্য আহবান করেছে আইজিসিসি।
