রাস্তায় সোহানা সাবা
চরিত্রের প্রয়োজনে গভীর রাত পর্যন্ত ঢাকার বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়িয়েছেন অভিনেত্রী সোহানা সাবা। সদরঘাটের রাস্তায় ঘুরে বেড়াতে হয়েছে তাকে, এমনকি দোকানদারিও করতে হয়েছে। মুরাদ পারভেজ নির্মিত টেলিফিল্ম ‘পিদিম’-এর প্রধান নারীচরিত্রে অভিনয় করতে গিয়ে এসব করতে হয়েছে তাকে। টেলিফিল্মটিতে আরও অভিনয় করেছেন সাজু খাদেম, এসএম মহসীন, সাহানা সুমি, আবদুল্লাহ রানা প্রমুখ।
এ বিষয়ে সাবা বলেন, “টেলিফিল্মটিতে আমার চরিত্রটিই এমন। চরিত্রকে ফুটিয়ে তুলতে গিয়ে আমাকে দোকানে বসতে হয়েছে। ঘটনাচক্রে এই টেলিফিল্মের প্রধান চরিত্র সকিনা একসময় ঘর ছেড়ে পালিয়ে যায়। সে দেহব্যবসায় জড়িয়ে পড়ে। চরিত্রটিতে কাজ করতে গিয়ে সদরঘাটসহ বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে শুটিং করেছি।”
এদিকে নির্মাতাসূত্রে এর গল্প সম্পর্কে জানা গেছে, রাস্তার পাশে সাইকেল-রিক্সার পাম্পের দোকানের মালিক রহিম মিয়া। প্রায়ই তার শরীর খারাপ থাকে বলে সংসার চালানোর জন্যে দোকানে যেতে হয় মেয়ে সকিনাকে। দুপুরবেলা দোকানের অদূরে রিক্সা দাঁড় করিয়ে শুকনো রুটি খায় আর সকিনাকে দেখে জমির। সকিনাকে খুব ভালো লাগে তার। আনিস, ছমির, বছির-- এদের সঙ্গে সকিনাকে হেসে কথা বলতে দেখে মন খারাপ হয় জমিরের। সকিনাকে পেতে চায় সে। কিন্তু এত রোমিওর ভিড়ে সকিনার মন টানতে পারে না জমির। সকিনার হাত ধরে কাঁদে সে। এক পর্যায়ে সকিনা বিয়ে করে জমিরকে। দিন যায় কিন্তু সকিনাকে সুখী করতে পারে না জমির। ট্রাকের ধাক্কায় পঙ্গু হয়ে যায় সে। গভীর রাতে সকিনা ছমির, জব্বার, কিংবা মদনের সঙ্গে চলে যায়। এদিকে, রিক্সা চুরির অভিযোগে জমিরকে ধরে নিয়ে যায় পুলিশ। ১১ বছর পর ছাড়া পেয়ে জমির বস্তিতে ফিরে এসে সকিনাকে পায় না। একদিন সদরঘাটে রাস্তার পাশে সকিনাকে দেখতে পায় জমির। কিন্তু সকিনা জমিরকে চিনতে পারে না। জীবনের নিদারুণ টানাপোড়ন নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘পিদিম’।
৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাত ৮ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্মটি।
