চলচ্চিত্র আজকাল
বাংলাদেশের চলচ্চিত্র কোন পথে? এর ভবিষ্যতই-বা কেমন? ঘুরে কি দাঁড়াবে এই শিল্প। নানা প্রশ্ন চলচ্চিত্রের দর্শক অনুরাগীদের মনে। গ্লিটজ খুঁজতে চেয়েছে এর উত্তর। বর্তমান চলচ্চিত্রের হালচাল জানতে চলচ্চিত্র প্রযোজক, নির্মাতা ও অভিনয় শিল্পীদের সঙ্গে কথা বলে এবারের ঈদ আয়োজন ভি-ম্যাগের জন্য রচনাটি লিখেছেন রাশেদ শাওন।
পীযুষ বন্দ্যোপাধ্যায় (ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা) :
বর্তমানে চলচ্চিত্রের যে অবস্থা তা খুব একটা আশাব্যঞ্জক নয়। তবে আমি হতাশ নই, আশাবাদী। বর্তমান সরকারের পক্ষ থেকে চলচ্চিত্র উন্নয়নে যে সকল উদ্যোগ নেওয়া হচ্ছে তা সফলকাম হলে দু-তিন বছরের মধ্যে এই শিল্পের চারিত্রিক ও গুণগত মানের পরিবর্তন ঘটবে। এই পরিবর্তন শুধু চলচ্চিত্রের উপরিকাঠামোর নয় সার্বিক পরিবর্তনের কথা বলছি আমি। আর আমরা সকলে মিলে যেভাবে কাজ করছি তাতে সরকারের এই উদ্যোগ অবশ্যই সফল হবে।
মুশফিকুর রহমান গুলজার (সম্পাদক, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি) :
বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো না হলেও নতুন সম্ভাবনা দেখতে পাচ্ছি। সেই দ্বার এরই মধ্যে খুলে গেছে। অবশ্যই সিনেমায় ভালো কিছু হবে এবং তার একটা স্থায়ী অবস্থান তৈরি হবে। এক্ষেত্রে সবার আগে সিনেমা প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। হলগুলো যুগোপোযোগী করে সংস্কার করতে হবে। তাহলেই দর্শক হলে গিয়ে সিনেমা দেখবেন। আর কাজটি করতে পারলে চলচ্চিত্রের ভবিষ্যত খুবই উজ্জ্বল।
পি এ কাজল (চলচ্চিত্র নির্মাতা) :
আমাদের চলচ্চিত্র যে পথে আছে সেখানে আশার দিক বেশি। নিরাশা কম। এখন দেশের বেশকিছু প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমা হল উন্নয়নে এগিয়ে এসেছে এবং আসছে। পরিবর্তনটা এখান থেকেই শুরু হয়েছে। এখন অনেক কর্পোরেট প্রতিষ্ঠান সিনেমা তৈরি জন্য অর্থ লগ্নি করতে আগ্রহ দেখাচ্ছে। তাছাড়া দেশের বাইরে আমাদের অনেক বড় বাজার রয়েছে। প্রবাসে বাংলাদেশি কমিউনিটিতেও আমাদের অনেক বড় বাজার তৈরি হয়ে আছে। এই বাজারে দেশের সিনেমা নিয়ে ঢুকতে পারলে বাজারও বড় হবে। এতে আমাদের বাজেট বাড়বে, শিল্পী তৈরি করা সম্ভব হবে। প্রযোজকরাও মুনাফা করতে পারবেন। সিনেমা এমন একটি পণ্য যা একবার তৈরি করে বারবার বিক্রি করা যায়। বিষয়টি ব্যবসায়ীরাও একটু একটু বুঝতে পারছেন। সবকিছু মিলিয়ে আগামী দুই বছরের মধ্যে আমাদের চলচ্চিত্রের মন্দা পরিস্থিতি কেটে যাবে। বাংলাদেশ আবারও বিশ্বের অন্যতম মুভিবাজার হয়ে উঠবে।
ইবনে হাসান খান (নির্বাহী প্রযোজক, ইসপ্রেস টেলিফিল্ম):
আমাদের চলচ্চিত্রের জন্য একজন আদর্শ শিক্ষক দরকার। সেই সংকট যতদিন না কাটবে ততদিন সবকিছু বদলাবে না। এখানে সবার আগে বিএফডিসিতে সেই আদর্শ শিক্ষককে দায়িত্ব দিতে হবে। তিনি হাল ধরবেন দক্ষ মাঝির মতো। দেশের শত সংকটে আগলে রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলচ্চিত্রের ক্ষেত্রে তেমন কেউ নাই। এখানে তাকেই প্রয়োজন যিনি শুধু চাকরি করতে আসবেন না। তার দায়িত্বের মধ্যে থেকে এফডিসিকে ঢেলে সাজাবেন। সময়োপযোগী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। নির্দেশনা ছাড়া কোন কিছু চলতে পারে না। আমি এমন কোন মাতব্বরের কথা বলছি না যে এসেই রাতারাতি সব পাল্টে ফেলবেন। আমি বলছি একজন কান্ডারির কথা। যিনি শক্ত হাতে হাল ধরবেন। এমন একজনকে এখন সত্যিই খুব প্রয়োজন। আমি এদেশের চলচ্চিত্র দর্শকদের ধন্যবাদ জানাই। তারা এত প্রতিকূলতার মধ্যেও দেশের সিনেমাকে অবহেলা করেন না। তারা এখনও আমাদের ত্যাগ করেননি। সারা পৃথিবীতে এমন দর্শক নেই।
মোহাম্মদ হান্নান (চলচ্চিত্র নির্মাতা) :
বর্তমান প্রজন্ম আর চলচ্চিত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার আমাদের নতুন দিগন্তের দিকে নিয়ে যাচ্ছে। এখন সিনেমা হলগুলো সাজিয়ে তুলতে হবে। তাহলেই আমরা নতুন দিগন্তের দেখা পাব। আরও একটা বিষয় আমাকে আশাবাদী করেছে। এখন পুরনো নির্মাতারাও প্রযুক্তিকে বন্ধু ভাবছেন। তারাও নিজেদের সময়ের সঙ্গে মানিয়ে নিচ্ছেন। নতুন ও অভিজ্ঞদের সমš^য়ে নতুন ভাবনা আসছে। এটা অব্যাহত থাকলে সিনেমা ঘুরে দাঁড়াবে।
আমিন খান (অভিনেতা) :
আমাদের চলচ্চিত্র নিয়ে অনেক ভেবেছি। ভেবে ভেবে আমি এতে এমন কিছু পাই না যা নিয়ে আশাবাদী হওয়া যায়। এ নিয়ে বললে তো অনেক কিছুই বলা যায়। সবাই অনেক কিছু বলছেনও। কিন্তু শেষ পর্যন্ত তো আর কিছু হচ্ছে না। যেখানে আমি জানি না আমার পথ কোনটা, সেখানে আমি এর ভবিষ্যত নিয়েও কিছু বলতে পারব না।
সাদিকা পারভীন পপি (অভিনেত্রী) :
বর্তমানে অবস্থা খুবই খারাপ। এই খারাপ পরিস্থিতির জন্য আমি বেশকিছু বিষয়কে দায়ী করছি। প্রথমেই নির্মাতাদের নতুন করে ভাবতে হবে। একই ধরনের গল্প আর নির্মাণ কৌশল দেখতে দেখতে দর্শক ক্লান্ত হয়ে গেছে। আর যে দুএকটা ভালো কাজ হচ্ছে তা প্রদর্শনের জায়গা নাই। দর্শক টাকা খরচ করে হলে গিয়ে নিরাপত্তার অভাব বোধ করেন। পরিবার নিয়ে হলে গেলে বিব্রত হতে হয়। স্ক্রিনে তাকিয়ে কিছু দেখা যায় না। চোখের শান্তিও তো পান না তারা। সিনেপ্লেক্সের মতো হল প্রয়োজন সারা দেশেই। আর প্রয়োজন সলভেন্ট প্রযোজক। এ বিষয়ে দৃষ্টান্ত তো আমাদের সামনেই আছে। সাভারের রানা প্লাজা ধসের বিষয়টিকে আমি উদারণ বলতে চাই। যে ভিত নয়তলার ভার নিতে পারে না তা দশ তলার ভার নেবে কীভাবে। আমাদের প্রযোজকরা শুধু কম্প্রোমাইজ করকে বলেন। এতো ছাড় দিয়ে তো শিল্প না। কনস্ট্রাকশনে ঘাটতি থাকলে তো আর ব্লিডিং তো যায় না। যেখানে যা প্রয়োজন তাই দিতে। যে চরিত্রের জন্য যে শিল্পী তাকেই নিতে হবে। যে প্রযুক্তি ব্যবহার দরকার তাই করতে হবে। না হলে অপোক্ত কিছুর স্থায়ীত্ব নেই। আমরা দুইটাকা বাঁচানোর জন্য অনেক বড় কম্প্রোমাইজ করে ফেলি। এখান থেকে বেরিয়ে না আসলে কোন পরিবর্তন হবে না। আমাদের যে পরিবেশ এখানে কারিনা, ঐশ্বরিয়া বা জুলিয়া রবার্টসকে দিয়ে অভিনয় করালেও কিছু হবে না। আমাদের দেশের অভিনয় শিল্পী যারা আছেন তাদের দিয়েই ভালো কিছু করা সম্ভব। তবে তার কাজ বের নেওয়ার দায়িত্বও পরিচালকেরই।
আমাদের সিনেমা নিয়ে আমি খুব ভীত। কারণ আমাদের দেশের চলচ্চিত্র নির্মাতাদের একটা বড় অংশ নকল সিনেমা বানাচ্ছে। তারা নতুন কিছু করতে চায় না। এক্সপেরিমেন্ট করতে ভয় পায়। আর একটা অংশ নাটক ও সিনেমাকে এক করে ফেলছে। সংগীত যেমন একটা বিদ্যা, এর তাল, লয়, মাত্রার ব্যবহার থাকে সিনেমারও তেমন ব্যাকরণ আছে। সেটা বিশ্বময়। যার যার কনসেপ্ট অনুযায়ী সেই ব্যাকরণ শিখে সিনেমা তৈরি করতে হবে। এরপরে আসবে প্রযুক্তির ব্যবহার। প্রযুক্তি এখন হাতের নাগালে। এগুলো এখন আর তেমন ব্যয়বহুল নয়। শুধু ব্যবহারটা জানলেই হয়। আর সিনেমা নির্মাতা হিসেবে দর্শকের চাইতে নিজেকে বেশি আপডেট রাখতে হবে। আমি আমাদের সিনেমা নিয়ে আশাবাদী একটা কারণে, ইন্ডাস্ট্রিতে অনেক নতুন নির্মাতা এসেছেন, আসছেন। যারা নিয়মিত ফিল্ম নিয়ে পড়াশোনা করেন। আমার প্রত্যাশা আগামী দুই বছরের মধ্যে আমাদের চলচ্চিত্র শিল্প ঘুরে দাঁড়াবে।
আনিসুর রহমান মিলন (অভিনেতা) :
এখন প্রচুর সিনেমা তৈরি হচ্ছে। মাস ছয়েক আগেও এই পরিবেশ ছিল না। সবকিছুর পরে সিনেমাটা তো একটা ব্যবসায়িক ক্ষেত্র। ব্যবসায়ীরা যেখানে সম্ভাবনা দেখেন সেখানেই তো বিনিয়োগ করেন। এখানে সেই সম্ভবনা তৈরি হয়েছে। সিনেমা তৈরির খরচও কমে গেছে আগের চেয়ে। থারটি ফাইভ মিলিমিটারে সিনেমা তৈরির খরচ ছিল বেশি। এখন সেই খরচ অনেকাংশে কমিয়ে দিয়েছে ডিজাটাল ক্যামেরা ও সমসাময়িক প্রযুক্তি। সঙ্গে যোগ হয়েছে মাল্টিটাইপ নির্মাতা। নতুন নতুন নির্মাতা আসছেন। তাদের কেউ কেউ ফিল্ম নিয়ে পড়াশোনা করে আসছেন। কেউ কেউ নাটক বানিয়ে হাত পাকিয়ে এখন সিনেমা তৈরি শুরু করেছেন। পুরনোরা তো আছেন। সবমিলিয়ে নতুন নতুন কনসেপ্ট আসছে। এসব কিছুর মিলিত ফলাফল ভালো হবে। এখানে প্রচুর ভাবনার দেওয়া নেওয়া চলছে। দর্শকও ফিরছেন হলে। এখন তো প্রথম সপ্তাহেই একটি সিনেমা পঞ্চাশের বেশি হলে মুক্তি পাচ্ছে। ফলে লগ্নিকারি তার অর্থ ফেরত পাচ্ছেন প্রথমেই। অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান বিজ্ঞাপন নিয়ে এগিয়ে আসছে। এসবই আমাদের চলচ্চিত্রের জন্য ইতিবাচক। এভাবে নিয়মিত কাজ হলেই আমাদের সিনেমা নিয়ে হতাশা কেটে যাবে।
সালেহিন স্বপন (প্রযোজক) :
আমার সিনেমা ‘চোরাবালি’ নিয়ে অভিজ্ঞতা তা থেকে বলতে চাই এদেশে এখন সিনেমার ক্ষেত্রে মূল সমস্যা পরিবেশক ও প্রদর্শক নিয়ে। পরিবেশকরা একটা ভালো সিনেমা নিয়ে প্রদর্শকদের কাছে যায় না। প্রদর্শক ও পরিবেশকদের মধ্যে যোগাযোগ হয় না। ‘চোরাবালি’র মতো সিনেমা নিয়ে দর্শকদের প্রচুর আগ্রহ আমি দেখেছি। কিন্তু তাদের কাছে সিনেমাটি নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আর প্রযোজকদের এমন অনেক কাজ করতে হয় যা তার কাজ নয়। ফলে বানিজ্যিক প্রতিষ্ঠানগুলোও এগিয়ে আসে না। তারা যদি এগিয়ে আসে তাহলে অনেক বেশি সিনেমা তৈরি হবে। এখানে স্থিতিশীলতার জন্য কন্ট্রোল প্রয়োজন। সেটা করা সম্ভব হলে সিনেমা এখানে ঘুরে দাঁড়াবেই। সামনে সিনেমার জন্য সুদিন। রাজনৈতিক অস্থিতিশীলতা কেটে গেলে বাজার আরও ভালো হবে। দর্শকও ভালো সিনেমা দেখার জন্য বসে আছে। সব মিলিয়ে ২০১৩-১৪ সালের মধ্যে এ দেশে সিনেমা খুবই ভালো অবস্থানে চলে যাবে।
