অবসরে যাচ্ছেন মিয়াজাকি
অস্কারজয়ী জাপানি পরিচালক হায়াও মিয়াজাকি তার ক্যারিয়ারের পাঁচ দশক পূর্ণ হওয়ার পর এবার অবসরে যাচ্ছেন। সম্প্রতি তার প্রযোজনা প্রতিষ্ঠান স্টুডিও ঝিবলি খবরটি নিশ্চিত করেছে।
সিনহুয়ার খবর অনুযায়ী, ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে স্টুডিও ঝিবলির প্রধান কোজি হোশিনো মিয়াজাকির অবসর গ্রহণের বিষয়টি জানান। তিনি আরও বলেন, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে টোকিওতে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অবসরে যাবেন মিয়াজাকি।
২০০১ সালে মুক্তিপ্রাপ্ত অ্যানিমেশন ফিল্ম ‘স্পিরিটেড অ্যাওয়ে’-র জন্য অস্কারজয়ী মিয়াজাকিকে বলা হয় জাপানের সর্বকালের সেরা নির্মাতাদের একজন। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে, ‘প্রিন্সেস মনোনকে’, ‘নাউসিকা : ভ্যালি অফ দ্য উইন্ড’, ‘মাই নেইবার তোতোরো’, ‘হাওল’স মুভিং ক্যাসেল’ ইত্যাদি। তার সর্বশেষ সিনেমা ‘দ্য উইন্ড রাইজেস’। জাপানে এরই মধ্যে মুক্তি পাওয়া এই সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার শীঘ্রই অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে স্টুডিও ঝিবলির পক্ষ থেকে।
