পরোপকারী হৃত্বিক
চিকিৎসকের পরামর্শ না মেনে নারীদের সাহায্যার্থে আয়োজিত ঐতিহ্যবাহী দই-হান্ডি ভাঙার অনুষ্ঠানে অংশ নিয়েছেন হৃত্বিক রোশান। জুলাই মাসে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ঘরে ফেরেন বলিউডি অভিনেতা হৃত্বিক রোশান। তবে ঘরে ফেরার পর ডাক্তারের নির্দেশ অনুসরণ করছেন না তিনি। ডাক্তার তাকে ভিড় এবং অতিরিক্ত শব্দ এড়িয়ে চলতে বললেও জন্মাষ্টমিতে দই-হান্ডি ভাঙার অনুষ্ঠানে ঠিকই অংশ নিয়েছিলেন তিনি।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, আদিবাসী মেয়েদের জন্য তহবিল সংগ্রহে জন্মাষ্টমিতে দইয়ের হাঁড়ি ভাঙার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ডাক্তারের নিষেধের তোয়াক্কা না করেই অনুষ্ঠানে যোগ দেন ওই অভিনেতা।
এ বিষয়ে হৃত্বিক বলেন, “যেখানে অনেক বেশি শব্দ এবং ভিড় থাকবে সেসব জায়গায় যেতে আমাকে নিষেধ করেছিলেন ডাক্তার। কারণ এতে করে আমার মস্তিষ্কে আবারও চাপ পড়তে পারে। তবে এমন একটি শুভ কাজে যাওয়ার আগে আমার মনে হয়েছে, সেখানে কোনো কিছুই আমার ক্ষতি করতে পারবে না। কারণ আমার তখন খুবই ভালো লাগছিল। অন্যের জন্য ভালো কিছু করতে পারলে আসলেও খুব ভালো লাগে।”
তিনি আরও বলেন, “ট্রাইবাল নারীদের সাহায্যে আয়োজিত একটি অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম। আমি সেখানে অনেক নাচানাচি করি। যা আমার জন্য পুরোপুরি নিষিদ্ধ ছিল। তবে এতে আমার কোনো শারীরিক অসুবিধা হয়নি।”
