জেনিফারের প্রিয় হোটেলে ব্র্যাঞ্জেলিনা
কাজের ফাঁকে একটু বিরতি নিতে অভিসারে গিয়েছিলেন হলিউডি জুটি ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি। তবে অন্য কোথাও না গিয়ে জোলি বেছে নেন এমন একটি হোটেল, যেটা পিটের সাবেক স্ত্রী জেনিফার অ্যানিস্টনের অন্যতম প্রিয়।
যুক্তরাজ্যের ডেইলি স্টার জানিয়েছে, ২৭ অগাস্ট একে অপরের সঙ্গে সময় কাটানোর জন্য তারা হঠাৎ করে উধাও হয়ে যান। এরপর হলিউডের সানসেট টাওয়ার হোটেলে সুইট নম্বর ১৫০২ তে চেক-ইন করেন জোলি এবং পিট। আর এই হোটেলের ঠিক এই কক্ষতেই থাকতে পছন্দ করেন পিটের সাবেক স্ত্রী জেনিফার।
এক সূত্র জানিয়েছে, সাধারণত হোটেল ‘ফোর সিজনস’ অথবা ‘বেল এয়ার’-এ থাকতে যান জোলি এবং পিট। এমনিতে পিট সব ধরনের ব্যবস্থা করে থাকেন, কিন্তু এবার জোলি নিজের ঘাড়ে এই দায়িত্বটি নিয়েছিলেন। আর তিনি ঠিক হোটেলটির ওই সুইটটি ভাড়া করেন যেখানে জেনিফার থাকতে যান।
