অগোছাল মাইলি
ব্যাং শোবিজ জানিয়েছে, সম্প্রতি ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে উদ্ভট ও অশালীন নাচে ভক্তদের তাক লাগিয়ে দেওয়ার পর এবার মাইলি স্বীকার করেছেন ক্যারিয়ার থেকে কিছু সময় বিরতি নেওয়া একান্ত প্রয়োজন।
সানডে পিপল পত্রিকাকে মাইলি বলেন, “আমার অবস্থা পুরোপুরি অগোছালো। আমি খুবই খারাপ অবস্থায় দিন কাটাচ্ছি।”
মাইলি আরও বলেন, “আমার অবস্থা খুবই খারাপ। আর মানুষ যখন খারাপ অবস্থায় থাকে তখন উল্টাপাল্টা কাজ করে। আমার কোনো স্বাভাবিক জীবন নেই। আমি প্রায়ই ক্যারিয়ার থেকে ছোটখাটো বিরতি নেই। কিন্তু এতে আমার কোনো উপকার হয় না।”
ডিজনি চ্যানেলে প্রচারিত ‘হ্যানা মন্টানা’ অনুষ্ঠানটির মধ্য দিয়ে খ্যাতি অর্জন করেন ২০ বছর বয়সী মাইলি। কিন্তু তার মতে, ব্যক্তিগত জীবনে ওই চরিত্রটির সঙ্গে তার কোনো মিল নেই।
মাইলি বলেন, “হ্যানা মন্টানা চলাকালীন আমার মনে হয় মানুষ ভালো করেই জানত, আমি অভিনয় করছি। আমি আমার জীবনের কোনো কিছুই আসলে লুকিয়ে রাখতে পারিনি, অনেকটা জাস্টিন বিবারের মতো।”
মাইলি আরও বলেন, “বাকিরা যারা শিশুদের অনুষ্ঠানে কাজ করেছে, সবসময় এমন ভাব করে থাকে যেন তারা এখনও ছোট রয়ে গেছে। কিন্তু আমি এমন করতে পারি না।”
মাইলি বলেন, “আমি কখনও এমনভাবে চলিনি, যেমন সুন্দর করে ডিজনি তাদের চরিত্র তৈরি করে। আমি ভক্তদের কাছ থেকে এমন অনেক প্রতিক্রিয়া পেয়েছি যেগুলো আপনারা দেখলে খুবই অবাক হবেন। কিন্তু কেউ চাইলেই তার প্রিয় চরিত্রকে সারাজীবন ছোট্টটি বানিয়ে রাখতে পারে না।”
