চেহারা দিয়ে অভিনয় চলবে না : মিলন
মঞ্চ ও টিভিপর্দার অভিনেতা আনিসুর রহমান মিলন এখন চলচ্চিত্রে ব্যস্ত সময় পার করছেন। তার অভিনীত ও মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘হাজার বছর ধরে’,‘ দ্য লাস্ট ঠাকুর’, ‘তুমি আসবে বলে ভালোবাসবে বলে’, ‘দেহরক্ষী’ ও ‘পোড়ামন’। অভিনয় করছেন ‘সোয়াচান পাখি’, ‘ওয়ান ওয়ে’, ‘আদি’ ও ‘রোমান্স’সহ আরও বেশ কয়েকটি চলচ্চিত্রে। তার কাজ, চলচ্চিত্রের বর্তমান অবস্থা ও ব্যক্তিগত জীবন নিয়ে গ্লিটজ-এর পক্ষ থেকে তার সঙ্গে কথা বলেছেন চিন্তামন তুষার।
গ্লিটজ : বর্তমানে কী কাজ করছেন?
মিলন : কয়েকদিন আগে দুটি সিনেমার শুটিং শেষ করলাম। ঈদের পর আরও দুটির কাজ একসঙ্গে শুরু করেছি। পাঁচটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছি। আরও চারটিতে চুক্তির আনুষ্ঠানিকতা বাকি আছে।
গ্লিটজ : তাহলে বেশ কাজ করছেন?
মিলন : হ্যাঁ, খুবই খারাপ অবস্থা। দিনরাত খালি শুটিং আর শুটিং। শুটিংয়ের কাজ অবশ্য পরিকল্পনা অনুযায়ীই করছি। যেন একসঙ্গে বেশ কয়েকটা চলচ্চিত্রের ডাবিংয়ে কণ্ঠ দিতে পারি।
গ্লিটজ : একজন তরুণ হিসেবে আপনি যেমন কাজ পাচ্ছেন তেমন কাজ কি অন্যরাও পাচ্ছেন, বিশেষ করে নতুনরা?
মিলন : দেখুন, আগে প্রতি বছরই প্রচুর সিনেমা তৈরি হত। সেগুলো গুণগত মান ও ব্যবসায়িক দিক থেকেও সফল ছিল। এখন আর তেমন হয় না। ব্যবসাও মন্দা। তারপরও এখন পরিবর্তন এসেছে বলে আমার মত। সেদিক থেকে সবাই কমবেশি কাজ পাচ্ছেন এটা বলা যায়। আর এখন অনেক কিছুর পরিবর্তন হয়েছে।
গ্লিটজ : অনেক কিছুর পরিবর্তন হয়েছে বলছেন, কিন্তু এই পরিবর্তন আগে কেন হয়নি এবং কী কী পরিবর্তন হয়েছে?
মিলন : প্রয়োজনীয় পরিবর্তন করার ইচ্ছা বা সামর্থ্য বা সুযোগ হয়েছে বলেই তা এখন হচ্ছে। সেইসঙ্গে অবশ্যই যোগ করতে হবে, সময়ের দাবিও পরিবর্তন আনতে বাধ্য করে অনেক কিছুতে। তাই আমাদের চলচ্চিত্র নির্মাণ থেকে শুরু করে প্রদর্শনী পর্যন্ত কারিগরি ক্ষেত্রে যে পরিবর্তনের দরকার ছিল তা হয়েছে। বিপণন ও বিজ্ঞাপনেও পরিবর্তন হয়েছে। কাহিনি, সংলাপ, অভিনয় ও সংগীতে পরিবর্তন হয়েছে। তবু বলতে বাধ্য হচ্ছি আমূল পরিবর্তন দূরের কথা, পরিবর্তনের কাক্সিক্ষত মানেও পৌঁছুতে পারিনি আমরা। অবশ্য প্রযুক্তির ব্যবহার যোগ হওয়ায় বাংলা চলচ্চিত্র যে অন্যমাত্রায় পৌঁছাবে এও বলা যায়।
গ্লিটজ : আচ্ছা এসব পরিবর্তন হচ্ছে কীভাবে?
মিলন : পরিবর্তন যাদের দিয়ে সম্ভব, তারা হয়তো উপলদ্ধি করছেন, পরিবর্তন দরকার। সেটা অভিনয়, কাহিনি, চিত্রায়ন, লোকেশন, সংগীত, হল, প্রজেকশন সবকিছুতেই। তাই হচ্ছে। সব বিষয়ে নিয়ে তো আমি বলতে পারি না। আমার ক্ষেত্র অভিনয়। সেই জায়গা থেকে বলতে পারি-- বর্তমানে প্রযোজক, পরিচালকরা মনে করছেন শুধু চেহারা দিয়ে সিনেমা চলবে না। এখন অভিনয় ও শিল্পসমৃদ্ধ চলচ্চিত্র নির্মাণ করতে হবে। তাহলে হলে দর্শক যাবে, ফিল্ম হিট হবে। প্রযোজকের টাকা ফেরত আসবে। চলচ্চিত্র শিল্প আবার চাঙ্গা হবে।
গ্লিটজ: এই চাঙ্গা হতে কতটা সময় লাগবে বলে মনে করেন?
মিলন : অন্তত দুই বছর। কারণ পরিবর্তন হচ্ছে আসলে ভাঙাগড়ার কাজ। এসব কাজ সম্পন্ন হতে কিছুটা সময় লাগবেই। এটা একটা নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। কারণ গত দশ বছরের সিনেমার কথা মনে করে দেখুন। সেগুলো কেমন ছিল এবং সেগুলোর সঙ্গে কতটা ফারাক বর্তমানের। দর্শকরাই তার উত্তর দিতে পারেন। এরমধ্যে আমিও সিনেমায় এসেছি। আমার চলচ্চিত্রগুলো তো বেশ আলোচিত হয়েছে।
গ্লিটজ : আপনার অভিনীত চলচ্চিত্রগুলো আলোচিত হওয়ার কারণ কী?
মিলন : গল্প, শিল্পী ও অভিনয়। এসব হচ্ছে পুরো চলচ্চিত্র প্রেক্ষাপটের মূল পরিবর্তনের জায়গা।
গ্লিটজ : এমন চলচ্চিত্র আগে কেন নির্মাণ হয়নি তাহলে?
মিলন : সুযোগ হয়নি বা কেউ সে সুযোগ নেয়নি। এখন নিচ্ছেন এবং সিনেমাও হিট হচ্ছে। আরও বলতে চাই, দর্শকদের আশ্বস্ত করতে হবে, যে সিনেমাটা ভালো। এসব তাদের জন্যই নির্মাণ করা হয়েছে। অতএব তারা হলে যাক। হিন্দি বা ইংরেজি সিনেমা না দেখে বাংলা সিনেমা দেখুক। অবশ্য এসব অন্যকিছু দিয়ে জাহির করা সম্ভব না। যদি না আসলেই গল্প ও অভিনয় ভালো হয়।
গ্লিটজ : আপনি মঞ্চে কাজ করেছেন। টেলিভিশনেও দীর্ঘদিন কাজ করেছেন। এখন চলচ্চিত্রে এসেছেন, বেশ কয়েকজন খ্যাতনামা পরিচালকের সঙ্গে কাজ করেছেন এরই মধ্যে। বড় পর্দার অভিনয় নিয়ে কেমন বোধ করেন?
মিলন : দেখুন, পরিবর্তনের কথা আগেই বলেছি। তো এসব আমাকে বুঝতে হচ্ছে, যুঝতে হচ্ছে। আমি এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবে নিচ্ছি। এটা প্রকৃতই আশাব্যঞ্জক। একটা বিষয় হচ্ছে, চলচ্চিত্রের জন্য এখন ভালো গল্প এবং শিল্পী বা ব্যক্তিত্ব দরকার, যা দিয়ে আশাজাগানিয়া কিছু একটা নির্মাণ করা হবে। তাতে হবে কি, দর্শকরা আশ্বাস পাবে যে, ‘ও উনি তো আছেন, সিনেমাটা তাহলে দেখাই দরকার।’ আমার ক্ষেত্রে এমনটি ঘটেছে, বলতে হয়। টেলিভিশনে আমাকে দেখে, আমার প্রতি অনেক দর্শক-বোদ্ধার বিশ্বাস, আস্থা ও ভালোবাসা জন্মেছে। এই অবস্থায় যখন তারা জানতে পারছে আমাকে সিনেমায় দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই ওই টিভি দর্শককে হলে পাচ্ছি আমি।
গ্লিটজ : তাহলে টেলিভিশন থেকে আসার সুবিধা নিচ্ছেন আপনি?
মিলন : বিষয়টা তেমন না, আসলে গল্পের গাঁথুনি ভালো হলে পরিচালক, প্রযোজকরা চিন্তায় পড়ে যান কাকে দিয়ে ওই চরিত্রটি করাবেন, কাকে দিয়ে এই চরিত্রটি করাবেন। সেদিক থেকে আমার প্রতি পরিচালকদের আস্থার জায়গা হচ্ছে অভিনয়ে আমার পূর্বইতিহাস। সিনেমা-বাণিজ্যের ক্ষেত্রে এখানে শুধু যোগ হচ্ছে আমার নিজস্ব দর্শকদের উপস্থিতি।
গ্লিটজ : আচ্ছা এখানে অভিনেতার শারীরিক সৌন্দর্যের ভূমিকা কতটুকু?
মিলন : দেখুন আমাদের নীতিই হচ্ছে, নন গ্ল্যামার দিয়ে গ্ল্যামার ভাঙতে হবে। অ্যাক্টর হিরো দিয়ে সিনেমা পরিস্থিতির পরিবর্তন হবে। এক্ষেত্রে অভিনয় গুণাবলির প্রমাণ সাপেক্ষে দৈহিক সৌন্দর্য বা অন্য কিছু বিবেচনা করা হবে।
