একসঙ্গে অমিতাভ-রেখা
দীর্ঘকাল পর আবারও রূপালি পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে বলিউডের এক সময়ের আলোচিত জুটি অমিতাভ বচ্চন এবং রেখাকে।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, আনিস বাজমি পরিচালিত কমেডি সিনেমা ‘ওয়েলকাম ব্যাক’-এ একসঙ্গে অভিনয় করবেন অমিতাভ এবং রেখা। ২০০৭ সালের হিট সিনেমা ‘ওয়েলকাম’-এর সিকুয়েলটি প্রযোজনা করছেন ফিরোজ নাদিয়াদওয়ালা।
বাজমি এ বিষয়ে বলেন, “রেখাজির জন্য আমরা একটি চরিত্র ঠিক করেছি। তার, নানা পাটেকর এবং অনিল কাপুরের মধ্যে ত্রিভুজ প্রেমের একটি বিষয় থাকবে-- এমনটাই পরিকল্পনা করছি আমরা। তবে এখনই এ বিষয়ে কোনো কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ তারা অনেক সিনিয়র শিল্পী। তাদের সময় এবং পছন্দেরও একটি বিষয় রয়েছে।”
বাজমি আরও বলেন, “আমি রেখাজির অনেক বড় ভক্ত। তার সঙ্গে কাজ করতে আগ্রহী। আর যেহেতু এটি একটি কমেডি সিনেমা, আমি মনে করি রেখাজি তার চরিত্রটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারবেন।”
সত্তর ও আশির দশকে অন্যতম আলোচিত জুটি ছিলেন অমিতাভ-রেখা। তাদের ব্যক্তিগত সম্পর্ক ও প্রেম এবং অমিতাভের স্ত্রী জয়া বচ্চনের সঙ্গে রেখার দ্ব›দ্ব নিয়ে গুজবেরও কমতি ছিল না।
দো আনজানে, মুকাদ্দার কা সিকান্দার, মি. নাটওয়ারলাল, সুহাগ এবং সিলসিলা এই জুটির আলোচিত সিনেমা। তিনদশকেরও বেশি সময় বিরতির পর তারা একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন।
