২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপ্লব ও ভালোবাসার এলিসিয়াম

‘এলিসিয়াম’ সিনেমাটি আপনি দুটি সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট থেকে দেখতে পারেন; তাৎক্ষণিক বিনোদনের ভক্ত হলে সাই-ফাই অ্যাকশন মুভি, আর সিনেমা নিয়ে একটু বেশি মাথা ঘামানোর দলের হলে ‘ভি ফর ভেনডেট্টা’র ভবিষ্যৎ রূপ হিসেবে। যেভাবেই দেখুন না কেন, সবশেষে একটি উপসংহারে গিয়েই ঠেকবেন আপনি। আর তা হল,  বিনোদনের জন্য চমৎকার বাণিজ্যিক একটি সিনেমা এটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাফাত আরেফিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2013, 06:04 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

সাধারণ মানুষের কাছে প্রতিটি নতুন বছরই একেকটি আশার প্রতীক; আর তাই ভবিষ্যতের জন্য অত্যন্ত আনন্দের সঙ্গে অপেক্ষা করি আমরা। তবে হলিউডের সাই-ফাই মুভির নির্মাতারা মনে হয় ভবিষ্যত নিয়ে আমাদের মতো ঠিক অতটা আশাবাদী নন। তাই তো ভবিষ্যতের পৃথিবী মানেই তাদের কাছে অন্ধকারে ঢাকা অসুস্থ এক জীবনের প্রতিচ্ছবি। ‘বর্ন সিরিজ’খ্যাত ম্যাট ডেমন, ‘ফ্লাইটপ্ল্যান’, ‘সাইলেন্স অফ দ্য ল্যাম্বস’খ্যাত অভিনেত্রী জোডি ফস্টার আর ‘ডিস্ট্রিক্ট ৯’খ্যাত পরিচালক নেইল ব্লমক্যাম্প-- তিনটি নামের যে কোনো একটিই কোনো সিনেমার প্রতি আপনাকে আকর্ষিত করার জন্য যথেষ্ট। আর যখন তিনটি নাম একসঙ্গে কোনো সিনেমায় উচ্চারিত হয়, তখন সেটি না দেখা মুভিপ্রেমিদের আদালতে রীতিমতো শাস্তিযোগ্য অপরাধ।

‘এলিসিয়াম’-এর প্রেক্ষাপট ২১৫৪ সাল। শ্রেণিবৈষম্যের ভয়াল রূপ তখনও গ্রাস করে আছে পুরো বিশ্বকে। মানবজাতি তখন দুই শ্রেণিতে বিভক্ত-- সুবিধাভোগী উচ্চবিত্ত শ্রেণি আর সুবিধাবঞ্চিত নিম্নবিত্ত শ্রেণি। উচ্চবিত্ত শ্রেণি বাস করে বিলাসবহুল স্পেস স্টেশন এলিসিয়ামে। আর গরিবদের স্থান ভাঙাচোরা, জনবহুল ও সম্পদবিহীন পৃথিবীতে।

কী ভাবছেন? কেন মায়ের কাছে মাসির গল্প বলছি? সত্যি বলতে কি ‘এলিসিয়াম’ সাই-ফাই মুভি হলেও এটির প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আপনাকে যেন বর্তমান পৃথিবীর অসহায়ত্ব মনে করিয়ে দেবে। পরিচালক ও কাহিনির লেখক নেইল ব্লমকাম্প অত্যন্ত সুনিপুণ হাতে ভবিষ্যতের রূপকে বর্তমানের গল্প বলেছেন। সিনেমার গল্প বেশ  চমৎকার। পুরো গল্প না বললেও, এটুকু বলতেই হবে এলিসিয়াম আর দশটা সাধারণ সাই-ফাই মুভি না, এর কাহিনি বিস্তৃত অনেক বেশি কিছু নিয়েই। সাই-ফাই মুভির মোড়কে এটি আসলে একটি বিপ্লবের গল্প, একটি ভালোবাসার গল্প, সুবিধাবঞ্চিতদের উপর ক্ষমতালোভী প্রশাসনের শোষণের গল্প ।

সিনেমায় ম্যাট ডেমন অভিনয় করেছেন ম্যাক্স ডি কস্টা নামের একজন সাবেক গাড়ি-চোরের ভূমিকায়, যিনি কাজ করেন ধ্বংসপ্রাপ্ত লসএঞ্জেলসের একটি রোবট ফ্যাক্টরিতে। ম্যাটের সাবেক প্রেমিকা নার্স ফ্রে সান্তিয়াগোর চরিত্রে অভিনয় করেছেন অ্যালিস ব্রাগা। ওদিকে জোডি ফস্টার অভিনয় করেছেন ক্ষমতালোভী ‘এলিসিয়ান সেক্রেটারি অফ ডিফেন্স’ জেসিকা ডেলাকউর চরিত্রে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ডিয়েগো লুনা, শার্লটো কপের মতো নামকরা অভিনেতা।

কম বেশি প্রায় সব চরিত্রেই প্রশংসনীয় অভিনয়ের ছাপ রেখেছেন অভিনেতারা। নেইল ব্লমকাম্প তার পরিচালিত ‘ডিস্ট্রিক্ট ৯’ দিয়ে আলোচনায় এসেছিলেন; এবারের সিনেমাটি অতটা আলোচনায় না আসলেও পরিচালক হিসেবে সিনেমাতে তার অসাধারণ কর্মশৈলীকে মোটেও ছোট করে দেখার সুযোগ নেই। যদিও সিনেমার গল্প বেশ প্রগতিশীল, তারপরও বিভিন্ন অংশে দর্শকরা একঘেয়েমি আর বড় বেশি অনুমেয়তার সমস্যায় পড়তে পারেন। সিনেমার ভিজুয়াল এফেক্ট চমৎকার, অ্যাকশন দৃশ্যগুলো বেশ প্রশংসনীয়ভাবে সম্পাদিত। তবে সিনেমায় সংলাপ একটু বেশি, কাহিনিতে ‘সারপ্রাইজিং টুইস্ট’-এর অভাবও চোখে পড়ার মতো। সবমিলিয়ে অনেকগুলো ভালো দিক থাকা সত্তে¡ও ‘এলিসিয়াম’ ঠিক পুরোপুরি ‘অসাধারণ’ সিনেমার কাতারে উঠতে পারেনি!

এলিসিয়াম-এর আই এম বি ডি রেটিং- ৭.১;  রোটেন টমাটো স্কোর- ৬৯% ;

চলতি সপ্তাহে এটির বক্স অফিস অবস্থান ৭ নম্বরে; ১০ কোটি ডলারের বাজেটের ওই সিনেমার এখন পর্যন্ত  আয়কৃত অর্থ সাত কোটি ডলার।