বাবার জন্য অমিতাভ
বলিউডি সিনিয়র অভিনেতা অমিতাভ বচ্চন তার বাবা হরিবংশ রাই বচ্চনের লেখা কবিতাগুলোকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান চালু করার পরিকল্পনা করছেন।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, ভারতের একসময়ের বিশিষ্ট কবি হরিবংশ রাই বচ্চনের রয়েছে বেশকিছু জনপ্রিয় কাব্যগ্রন্থ। এরমধ্যে উল্লেখযোগ্য হল মধুশালা, মধুকালাশ এবং মধুবালা।
অমিতাভ জানান, তার বাবার প্রতিটি কবিতা বারবার পড়া কখনও তার জন্য সম্ভব হয়ে ওঠেনি। তবে বাবার স্মরণে তিনি একটি প্রতিষ্ঠান চালু করতে চান।
৭০ বছর বয়সী ওই অভিনেতা বলেন, “জয়া এবং আমি অনেকদিন থেকেই এই পরিকল্পনাটি করছি। আমরা এমন একটি প্রতিষ্ঠান স্থাপন করতে চাই যেখানে আমার বাবার কবিতাগুলো নিয়ে গবেষণা করা হবে। এর মাধ্যমে নতুন প্রজন্মের কাছেও বাবার কবিতা তুলে ধরা সম্ভব হবে।”
