২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের কবলে ক্লুনি

হলিউডি অভিনেতা জর্জ ক্লুনি  ট্রাফিক আইন ভঙ্গ করার দায়ে ইতালিয়ান পুলিশের নজরে পড়েছেন। কন্টাক্টমিউজিক জানিয়েছে, চালকের বদলে ওয়াটার ট্যাক্সি নিজের হাতে চালানোর কারণে শুক্রবার পুলিশের জেরার সম্মুখীন হন ক্লুনি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2013, 05:52 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে স্যানড্রা বুলকের সঙ্গে নিজের নতুন সিনেমা ‘গ্র্যাভিটি’-র প্রচারণা করতে সম্প্রতি ইতালি গিয়েছেন ক্লুনি। ২৯ অগাস্ট বৃহস্পতিবার যখন তিনি ওয়াটার ট্যাক্সি চালাচ্ছিলেন তখন গোপনে তার ছবি তোলা হয়।

ছবিটি তুলেছিলেন ইতালীয় আইনজীবী মারিও দ্য’এলিয়া। তিনি ছবিটিসহ স্থানীয় পুলিশকে একটি চিঠি পাঠান, যেখানে তিনি লেখেন ওয়াটার ট্যাক্সি চালানোর জন্য ক্লুনিকে অবশ্যই একটি নটিক্যাল লাইসেন্স এবং অনুমতিপত্র পেতে হবে। তিনি পুলিশকে বলেন ক্লুনির কাছে এই কাগজপত্রগুলো আছে কি না তা খোঁজ করে দেখতে।

মারিও বলেন, “আমি পুলিশকে বলেছি হোটেল কিপ্রিয়ানিতে যেতে এবং খোঁজ লাগাতে ক্লুনির আদৌ কোনো নটিক্যাল লাইসেন্স আছে কি না।”

৩০ অগাস্ট শুক্রবার যখন ক্লুনিকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হয় তিনি কৌতুক করে বলেন,“আমার নতুন সিনেমায় আমি সৌরজগতে হারিয়ে গেছিলাম, যেটা আমার জন্য খুবই কঠিন কাজ ছিল। কিন্তু ঐ কাজটি বাদে ভেনিসে বোট নিয়ে ঘুরে বেড়ানো আমার করা সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি।”