গুজবে বিরক্ত প্রিয়াংকা
একতা কাপুর প্রযোজিত ‘মিলান টকিজ’ সিনেমায় অভিনেতা শাহিদ কাপুরের বিপরীতে অভিনয় করবেন প্রিয়াংকা চোপড়া-- এমন গুজব শোনা গেলেও এ বিষয়ে নাকি কিছুই জানেন না তিনি! এভাবে নিজের সম্পর্কে গুজব শুনে বেশ বিরক্ত হয়েছেন বলেই জানান ওই বলিউডি অভিনেত্রী।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, তিগমাংশু ঢুলিয়া পরিচালিত সিনেমা ‘মিলান টকিজ’-এর কেন্দ্রীয় নারী চরিত্রে প্রিয়াংকার অভিনয় করার কথা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। ওই সিনেমায় সাবেক প্রেমিক শাহিদ কাপুরের সঙ্গে আবারও জুটি বাঁধার কথা ছিল তার। তবে প্রিয়াংকা জানিয়েছেন, এর কিছুই নাকি জানেন না তিনি।
প্রিয়াংকা বলেন, “আমি আসলে কিছুই জানি না ‘মিলান টকিজ’ সিনেমাটি সম্পর্কে। এ নিয়ে একতার সঙ্গে আমার কোনো কথাও হয়নি। প্রায় দেড় বছর আগে একতা আমাকে চিত্রনাট্যটি শুনিয়েছিলেন তবে এর বেশি কিছু নিয়ে কথা হয়নি কারও সঙ্গেই। আমি খুবই বিরক্ত এ ধরনের গুজবে।”
এর আগে সঞ্জয় লীলা বনসালির ‘রাম লীলা’ সিনেমায় একটি আইটেম গানে প্রিয়াংকার অংশ নেওয়া নিয়েও ছড়িয়ে পড়ে গুজব। পরে ভিত্তিহীন তথ্য প্রচারের কারণে মিডিয়াকে দোষারোপ করেন সাবেক ওই বিশ্ব সুন্দরী।
এদিকে সর্বশেষ খবর অনুযায়ী, প্রিয়াংকাকে অচিরেই বড় পর্দায় দেখা যাবে ১৯৭৩ সালের অমিতাভ বচ্চন অভিনীত হিট সিনেমা ‘জাঞ্জির’-এর রিমেকে। অপূর্ব লাখিয়া পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেতা রাম চরণ তেজা।
