বিরক্ত রিতেশ
মুক্তিপ্রতিক্ষীত ‘গ্র্যান্ড মাস্তি’ সিনেমার প্রচারণায় অভিনেতা বিবেক ওবেরয় এবং আফতাব শিবদশানির কা-জ্ঞানহীনতায় মহাবিরক্ত হয়েছেন অভিনেতা রিতেশ দেশমুখ।
টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, সিনেমাটির প্রচারণায় বরবরই দেরি করে আসায় সহঅভিনেতাদের প্রতি বিরক্তি প্রকাশ করেছেন রিতেশ। রিতেশ সবসময়ই নিজের কাজ নিয়ে যথেষ্ট সচেতন। সেখানে সহঅভিনেতাদের এই খামখেয়ালীপনা মোটেও ভালোভাবে নিতে পারেননি তিনি। তিনি মনে করেন কিছুটা ইচ্ছে করেই প্রচারণা অনুষ্ঠানে দেরিতে উপস্থিত হতেন তার সহঅভিনেতা দ্বয়।
২০০৪ সালের কমেডি সিনেমা ‘মাস্তি’-এর সিকুয়েল ‘গ্র্যান্ড মাস্তি’ সিনেমায় দীর্ঘ ৯ বছর বিরতির পর এক সঙ্গে অভিনয় করছেন বিবেক, আফতাব এবং রিতেশ। সিনেমাটিতে ঘনিষ্ট বন্ধু হিসেবে অভিনয় করলেও বাস্তবে তাদের মধ্যকার সম্পর্ক অতটা মধুর নয় বলেই ধারণা করা যাচ্ছে।
